শারাপোভার স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিয়া শারাপোভার ইউএস ওপেন স্বপ্ন ভেঙে দিলেন ফ্লাভিয়া পেনেত্তি। পরশু রাতে ইতালির পেনেত্তির কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ২০০৬-এর চ্যাম্পিয়ন শারাপোভা। ফ্ল্যাশিং মিডোতে এটাই এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন। এই রাতে বিদায় হয়ে যেতে পারতেন অ্যান্ডি মারে। ব্রিটেনের চতুর্থ বাছাই মারে রবিন হাসের বিপক্ষে প্রথম দুই সেট হেরেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন।অগোছালো শারাপোভাকে ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন পেনেত্তা। দুবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলা বিশ্বের ২৫তম বাছাই ২৯ বছর বয়সী ইতালিয়ান তৃতীয় বাছাই শারাপোভার ৬০টি আনফোর্সড এরর ও ১২টি ডাবল ফল্টের সুযোগ নিয়েছেন। এই জয়কে পেনেত্তা বলছেন তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা জয়।২০০৮-এর অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি শারাপোভা। পরাজয়ে বিমর্ষ রুশ তারকা বলেছেন, ‘নিউইয়র্কে হারাটা দুঃখজনক। পরাজয়ে কেউই খুশি হতে পারে না। কারণ আমরা জয়ের জন্যই পরিশ্রম করি।’পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে অ্যান্ডি মারের কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। প্রথম দুই সেটে ৬-৭ (৫/৭), ২-৬ গেমে হারার পর পরের দুই সেট সহজেই ৬-২, ৬-০ গেমে জেতেন মারে। পঞ্চম সেটে ৪-০-তে এগিয়ে যাওয়ার পর আবারও ম্যাচে ফিরে আসেন ২৪ বছর বয়সী হাসে। টানা চারটি গেম জিতে ৪-৪ করেও ফেলেন ডাচ তরুণ। তবে শেষ পর্যন্ত মারে ৬-৪ গেমে জিতে নেন সেট।তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও। প্রথম দুই সেটে ৬-২, ৬-২ গেমে পিছিয়ে থাকার পর নিকোলাস মাহুত পেটের পেশিতে টান পড়ায় সরে দাঁড়ান। জিতেছেন ২০০৯-এর চ্যাম্পিয়ন হুয়ান মার্টিন দেল পোত্রোও। স্বদেশি ডিয়েগো জুনকোয়েরার বিপক্ষে তাঁর জয়টি সরাসরি ৬-২, ৬-১, ৭-৫ গেমে।পরশু একটি নতুন রেকর্ডও দেখেছে ইউএস ওপেন। টাইব্রেকার যুগে মহিলা এককের দীর্ঘতম ম্যাচের রেকর্ড। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর ৩ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই শেষে রাশিয়ার নাদিয়া পেত্রোভাকে হারিয়েছেন ৭-৬ (৭/৫), ৬-৭ (৫/৭), ৭-৫ গেমে। এএফপি, রয়টার্স।