শারাপোভার ‘জ্বালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের জ্বালাটা ভালোই টের পাচ্ছেন মারিয়া শারাপোভা। এমনিতে সাশা ভুয়াচিচের সঙ্গে দিনগুলো স্বপ্নের মতো কাটছে। কিন্তু এনবিএ তারকার খেলা দেখতে বসলেই বিপদ। বুক ঢিপঢিপ, কপালে ঘাম, নখে কামড়। স্নায়ুর ওপর রীতিমতো ঝড়। শারাপোভার উপলব্ধি, নিজে খেলার চেয়েও অনেক কঠিন খেলা দেখা, বিশেষ করে সেটা যদি হয় কোনো আপনজনের!দুই তারকার সম্পর্ক ২০০৯ সাল থেকে। বাগদান হয়েছে গত বছর। এই সময়ে নিউজার্সি নেটসের শ্যুটিং গার্ড ভুয়াচিচের অনেক ম্যাচই দেখেছেন শারাপোভা। সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন ইংল্যান্ডের একটি দৈনিককে, ‘ওর কিছু ম্যাচ দেখতে গিয়ে যতটা নার্ভাস হয়েছি, এত নার্ভাস জীবনে হইনি। খেলা দেখার চেয়ে নিজে খেলা অনেক ভালো। আমি উপলব্ধি করতে পেরেছি, সাইডলাইনে থেকে বা টেলিভিশনে খেলা দেখা কতটা কঠিন।’আপাতত এখন শারাপোভার ভূমিকায় আছেন ভুয়াচিচ। উইম্বলডনের গ্যালারিতে বসে দেখছেন বাগদত্তার খেলা। লস অ্যাঞ্জেলেস লেকার্স থেকে ভুয়াচিচ গত বছর নিউজার্সি নেটে যোগ দেওয়ার পর খুব বেশি দেখা-সাক্ষাৎ হচ্ছিল না দুজনের। শারাপোভাই জানালেন, এবার সেটি পুষিয়ে নিচ্ছেন, ‘প্রতিদিন একসঙ্গে থাকলে একজন সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যায়, যে সুযোগটা আমরা আগে খুব বেশি পাইনি। এবার তাই দারুণ লাগছে, আমরা খুব উপভোগ করছি।’ এএফপি।