
সেরেনার পথেই গেলেন মারিয়া শারাপোভা। শীর্ষ বাছাইয়ের বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই অস্ট্রেলিয়ান ওপেন হারিয়ে ফেলল তৃতীয় বাছাইকেও। ফলে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল ভিক্টোরিয়া আজারেঙ্কার। কাল রড লেভার অ্যারেনায় চতুর্থ রাউন্ডে শারাপোভাকে ৩-৬, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার ডমিনিকা সিবুলকোভা। আগের দিন শীর্ষ বাছাই সেরেনাকে বিদায় করেছিলেন আনা ইভানোভিচ।
মেয়েদের বিভাগ নক্ষত্র পতন দেখলেও ছেলেদের বিভাগে জ্বলজ্বল করেই জ্বলছেন মহাতারকারা। আগের দিনই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন গত তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। কাল শেষ আটে উঠে গেছেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও অ্যান্ডি মারেও।
শীর্ষ বাছাই নাদালকেই পেরোতে হয়েছে সবচেয়ে কঠিন বাধা। সরাসরি সেটে জিতলেও জাপানের কেই নিশিকোরি বাধার প্রাচীর হয়েই দাঁড়িয়েছিলেন নাদালের সামনে। সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়েই স্প্যানিয়ার্ড তারকা জিতেছেন ৭-৬ (৭/৩), ৭-৫, ৭-৬ (৭/৩) গেমে। উইম্বলডনজয়ী অ্যান্ডি মারে ৬-১, ৬-২, ৬-৭ (৬/৮), ৬-২ গেমে হারিয়েছেন বাছাইপর্বে হেরেও ভাগ্যক্রমে সুযোগ পাওয়া ফরাসি স্তেফান রবার্টকে। তৃতীয় সেটে চার-চারটি ম্যাচ পয়েন্ট হারানো মারে মেজাজ হারিয়ে র্যাকেটও ভেঙেছেন।
কোয়ার্টার ফাইনালে আগামীকাল মারের প্রতিপক্ষ রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ষষ্ঠ বাছাই সুইস তারকা কাল ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠে ছুঁয়েছেন জিমি কনর্সকে। এই নিয়ে ৪১ বার কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ফেদেরার। সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ড এটিই।
শারাপোভা হেরে গেলেও শেষ আটে উঠেছেন তাঁর সঙ্গী গ্রিগর দিমিত্রভ। স্পেনের রবার্তো বাতিস্তা আগুতকে ৬-৩, ৩-৬, ৬-২, ৬-৪ গেমে হারানো দিমিত্রভ কোয়ার্টারে পাচ্ছেন নাদালকে।
মেয়েদের বিভাগে সাবেক এক নম্বর ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়েছেন রোমানিয়ার সিমোনা হালেপ। স্লোন স্টিভেন্সকে হারানো আজারেঙ্কার শেষ আটে প্রতিপক্ষ আগ্নিয়েস্কা রাদভানস্কা। এএফপি।