শালকেই রাউলের নতুন ঠিকানা
বিশ্বকাপ শেষে দলবদলের বাজারে ঢেউ উঠবে, এটা জানাই ছিল। তবে সেই ঢেউ যে এতটা উথালপাথাল করে দেবে, সেটা কি কেউ ভাবতে পেরেছিল? এবারের দলবদল রিয়াল মাদ্রিদের ‘ঘরের ছেলে’ রাউলকে পর করে দিল। যে হাভিয়ের মাচেরানোকে মনে হচ্ছিল ‘আজীবন’ লিভারপুলের, তিনিও দল বদলাচ্ছেন। রাউলের ব্যাপারটা সত্যিই অন্যরকম। ১৭ বছর বয়স থেকে শুরু করে প্রায় ১৬ বছর রিয়ালের মূল দলে খেলেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু হোসে মরিনহো রিয়ালের কোচ হয়ে এসেই বললেন, তাঁর কোচিং-দর্শনের সঙ্গে রাউল ঠিক মানানসই নন। এটা শুনে রাউলও ঘর ছাড়লেন। দলবদলের ঢেউ তাঁকে স্পেন থেকে আছড়ে ফেলল নিয়ে জার্মানিতে। শালকে জিরো ফোর হলো তাঁর ঠিকানা। জার্মানির এই ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে রাউলের। রাউলকে পেয়ে শালকে জিরো ফোরে বইছে আনন্দের জোয়ার। ‘আমরা অসাধারণ এক ফুটবলারের সঙ্গে চুক্তি করেছি। বিশ্বমানের একজন গোলদাতা তিনি’—বলেছেন শালকে কোচ ফেলিক্স মাগাথ। ঘর ছেড়ে দূর দেশে যেতে পারলেন রাউল? অনেকেই হয়তো এই প্রশ্নটা করবেন? কিন্তু রাউলের কথা হচ্ছে, ‘আমি খেলতে চাই। শরীর যত দিন সমর্থন করে আমি খেলে যেতে চাই।’আর্জেন্টাইন মিডফিল্ডার মাচেরানো একসময় বলতেন—লিভারপুলে আমি সুখে আছি, কোনো দিন লিভারপুল ছেড়ে যাব না। কিন্তু কোচ রাফায়েল বেনিতেজের ক্লাব ছেড়ে যাওয়ার পর তাঁর কণ্ঠে ভিন্ন সুর। এখন তিনি লিভারপুল ছাড়তে চান। লিভারপুল সমর্থকেরা হয়তো এটা বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু নতুন কোচ রয় হজসন বলেছেন, ‘হ্যাঁ, সে লিভারপুল ছাড়তে চায়।’কোথায় যাবেন মাচেরানো? তাঁর বহুদিনের গুরু বেনিতেজ পাড়ি জমিয়েছেন ইতালিতে, ইন্টার মিলানের দায়িত্ব নিয়েছেন। মাচেরানোর প্রস্তাবটা সেখান থেকেই আসছে। মাচেরানোকে পেতে ২৫ মিলিয়ন পাউন্ডের সঙ্গে সুলে মুনতারিকে ছেড়ে দিতেও রাজি আছে ইন্টার। লিভারপুল ছাড়তে চাইছেন আরেক আর্জেন্টাইন ম্যাক্সি রদ্রিগেজ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভোর খবর, তিনি ফিরে যেতে চান তাঁর পুরোনো ঠিকানা স্পেনের এসপানিওলে। রদ্রিগেজ যখন পুরোনো ঠিকানা খুঁজছেন, ডাচ তারকা রাফায়েল ফন ডার ভার্ট স্পেন ছেড়ে পাড়ি জমাতে চান ইংল্যান্ডে। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ইচ্ছা, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা। বিশেষ করে লিভারপুল অথবা চেলসিতে খেলতে চান তিনি। কিন্তু তিনি চাইলেই কি রিয়াল তাঁকে ছাড়বে? ফন ডার ভার্ট চাইছেন, তাঁর এই ইচ্ছাটা রিয়াল মাদ্রিদ কর্তারা উপলব্ধি করুন, ‘মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্কটা এমন যে মনে হয়, ওরা বিষয়টি বুঝতে পারবে। আমাকে ওরা কথা বলতে দেবে।’রিয়াল মাদ্রিদে ভাঙন আছে আরও। বোল্টন ওয়ান্ডারার্স চুক্তি করেছে রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার মার্কোস আলোনসোর সঙ্গে। তবে এ যাত্রায় মনে হয় ফার্নান্দো তোরেসকে হারাতে হচ্ছে না লিভারপুলের। কোচ হজসন জানিয়েছেন, তোরেসের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং সবকিছু ঠিকই আছে। এএফপি, ওয়েবসাইট।