শাস্তি কমছে জিমির
ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে অশোভন আচরণ, জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে অসহযোগিতা এবং বিশ্ব হকি লিগের প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকায় রাসেল মাহমুদ জিমির বিরুদ্ধে বড় শাস্তির সুপারিশ করেছিল জাতীয় দল সমন্বয় কমিটি। এই শাস্তি কার্যকর হলে আগামী তিন বছর জাতীয় দল, ঘরোয়া ও আন্তর্জাতিক লিগে খেলার দরজা বন্ধ হয়ে যেত দেশসেরা স্ট্রাইকারের। চার সদস্যবিশিষ্ট কমিটি জিমির বিরুদ্ধে শাস্তির কয়েক দফা সুপারিশ লিখিত আকারে জমা দিয়েছে ফেডারেশনে। কিন্তু কমিটির এই সুপারিশ আমলে নিচ্ছে না ফেডারেশন।
এ যাত্রায় হয়তো বেঁচে যাচ্ছেন জিমি। কাল হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক আভাস দিয়েছেন, ‘জিমির শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিইনি আমরা। জিমি নিঃসন্দেহে দেশের এক সুপারস্টার। ও যদি ভুল করেও থাকে, সেটার জন্য এত বড় শাস্তি দেওয়া ঠিক হবে না।’
তবে একেবারে সাধারণ ক্ষমাও জিমি পাবেন না। আবদুস সাদেকের কথায়ই ইঙ্গিত মিলেছে হয়তো আর্থিক জরিমানা হতে পারে তাঁর, ‘ওর বড় কোনো ক্ষতি হোক, সেটা আমরা কেউ চাই না। সুপারিশগুলো বেশ কড়া হয়ে গেছে। তবে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। এমনও হতে পারে, আমরা সবাই মিলে আর্থিক জরিমানা করে ছেড়ে দিলাম ওকে।’ চলতি সপ্তাহেই সিদ্ধান্ত পাস করানোর জন্য কার্যনির্বাহী কমিটির সভায় ওঠানো হবে সুপারিশগুলো। যদি জিমির শাস্তি না কমে, তাহলে সরাসরি সভাপতির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
জিমির বাবা আবদুর রাজ্জাক সোনা মিয়ার সঙ্গে একসময় নিয়মিত হকি খেলতেন বর্তমান সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই জিমির প্রতি আলাদা সহানুভূতি রয়েছে আবদুস সাদেকের। বারবার জিমির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসায় জিমিকে অনেক বুঝিয়েছেন তিনি, ‘আমি কদিন আগে স্টেডিয়ামে হাঁটতে হাঁটতে ওকে বুঝিয়েছি। বলেছি, তুমি এসব কোরো না। তুমি তো আরও চার-পাঁচ বছর ভালোভাবে খেলতে পারবে। মাথা ঠান্ডা রাখো সব সময়। আমরা চাই, ও আরও অনেক দিন খেলুক। এটা ওর জন্য যেমন ভালো, জাতীয় দলের জন্যও ঠিক তা-ই।’