শাস্তি কমছে না সাকিবের
বাংলাদেশ দলের পক্ষ থেকে সাকিব আল হাসানের শাস্তি কমানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল জানিয়ে দিয়েছেন, ‘সাকিবের শাস্তি প্রত্যাহার বা কমানোরও কোনো সম্ভাবনা নেই। বোর্ড নিজেদের সিদ্ধান্তে অটল।’
পরশু শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করে সাকিবের শাস্তি কমানোর অনুরোধ করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও কোচ শেন জার্গেনসেন। বোর্ড সভাপতি তখন বিষয়টা নিয়ে চিঠি দিতে বলেন। তবে কয়েকজন পরিচালকের সঙ্গে আলোচনা করে রাতেই ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর মাধ্যমে সভাপতি মুশফিকদের জানিয়ে দেন, চিঠি দিয়েও কোনো লাভ হবে না। বোর্ডের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।
এশিয়া কাপ উপলক্ষে কাল বিকেলে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত মুশফিকের সংবাদ সম্মেলনেও বারবার এসেছে সাকিবের শাস্তি কমানোর প্রসঙ্গ। বিসিবি সভাপতির কাছে এমন অনুরোধ করার কথা স্বীকার করে বাংলাদেশ অধিনায়ক ব্যাখ্যা করেছেন কারণটাও, ‘বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা সম্মান করি। যে খেলোয়াড়ই হোক না কেন, এ রকম ঘটনা ঘটালে এমন শাস্তিই হওয়া উচিত। তবে আমাদের কিছু খেলোয়াড় আছে যারা চোটগ্রস্ত। তামিম খেলতে পারছে না, মাশরাফি ভাইও খুব ফিট নন। আমিও চিন্তিত কিপিং করতে পারব কি না। সেদিক থেকে চিন্তা করেই সিদ্ধান্তটা পুনর্বিবেচনার অনুরোধ করেছিলাম।’ দলের স্বার্থে তিন ম্যাচের পরিবর্তে সাকিবকে এক ম্যাচ বহিষ্কার করা যায় কি না, সেটাই তাঁরা বিবেচনা করতে অনুরোধ করেছিলেন সভাপতিকে।
বিসিবি অমন ভাবছে না বলে মুশফিক-মাশরাফিরাও ব্যাপারটা এখানেই থামিয়ে দিতে চান। মুশফিকের কথায়ও আছে সে ইঙ্গিত, ‘সাকিবের অনুপস্থিতিতে আমাদের দুজন খেলোয়াড় খেলাতে হয়। সেদিক থেকে চিন্তা করেই অনুরোধ করেছিলাম। বোর্ড অনুরোধ রাখলে রাখবে, নয়তো এ নিয়ে আমাদের আর মাথা ঘামানোর কিছু নেই।’ বিসিবি যদি মনে করে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত বদলালে সেটির নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাহলে সাকিবকে ছাড়াই খেলতে হবে মুশফিকদের, ‘আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। পুরো সিদ্ধান্তই বোর্ডের ওপর। আমরা তাদের দিকে তাকিয়ে আছি। তারা যেটা বলবে আমরা সেভাবেই চলব।’