শাস্তি কমতে পারে আমিরের

মোহাম্মদ আমিরের জন্য সুখবর। সুখবর আমির-ভক্তদের জন্যও। নিষেধাজ্ঞায় থাকা আমিরের শাস্তি কমানোর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
পাকিস্তানি দৈনিক ‘দ্য নিউজ’ জানায়, গত সপ্তাহে আইসিসির বার্ষিক সভায় আমিরের শাস্তি পুনর্বিবেচনার অনুরোধ জানায় পিসিবি। পিসিবির একজন কর্মকর্তা গতকাল সোমবার জানান, সেই অনুরোধে সাড়া দিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে আইসিসি। এই কমিটি আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা পর্যালোচনা করে আইসিসির কাছে সুপারিশ পেশ করবে। এতে নিষেধাজ্ঞার মেয়াদ হয়তো কমবে না, তবে ক্রিকেট মাঠ, জিমসহ পিসিবির সব ধরনের সুবিধা ভোগ করার অনুমতি পেতে পারেন আমির।
লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১১ সালে আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট তাঁকে ছয় মাসের দণ্ড দেয়। তখন আমিরের বয়স ছিল মাত্র ১৮ বছর। এ কারণে কারাগারের বদলে তাঁকে পাঠানো হয় কিশোর সংশোধন কেন্দ্রে। পুরো সাজা অবশ্য খাটতে হয়নি তাঁকে। তিন মাস সাজা খেটে গত বছরের ফেব্রুয়ারিতে দেশে ফেরেন আমির।
আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৯ সালের মাঝামাঝিতে। অল্প দিনেই তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের প্রতীক। অনেকে তাঁকে দেখছিলেন ‘নতুন ওয়াসিম আকরাম’ হিসেবে। সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে তিনি শিকার করেন টেস্টে ৫০ উইকেট। সেই আমির এখন পাকিস্তান ক্রিকেটের কলঙ্কের প্রতীক! তবে পিসিবি এখনো আমিরকে ‘সম্ভাবনাময়’ হিসেবেই দেখছে। সুপারিশটা করা হয়েছে পাকিস্তান ক্রিকেটের কথা ভেবেই।
লর্ডস টেস্টে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় নিষিদ্ধ হন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার—সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তাঁরা নিষিদ্ধ হন যথাক্রমে ১০ ও সাত বছরের জন্য। আমিরের মতো যুক্তরাজ্যের কারাগারে জেল খাটেন তাঁরাও। বাট ও আসিফ আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। আপিলের সুযোগ থাকলেও আমির তা করেননি, দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন। এখন পিসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিসি কী পদক্ষেপ নেয়, দেখার অপেক্ষা এটাই।