শাস্তি পাচ্ছেন মামুনুল
অভিযোগটা অভিনব। বাফুফের এক কর্মীর সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। মামুনুলের বিরুদ্ধে অভিযোগ, ওই কর্মীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে তিনি বাফুফের কর্মকর্তাদের গালাগাল করেছেন। ঘটনাটা গড়িয়েছে অনেক দূর। অবস্থা এমনই যে, বড় একটা শাস্তিই অপেক্ষা করছে দেশসেরা মিডফিল্ডারের জন্য!
খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল জানিয়েছেন, ‘মামুনুল ফেডারেশন কর্মকর্তাদের অশ্লীল ভাষায় গালাগাল করেছে বলে ঘটনার সময় উপস্থিত সবার সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ পেয়েছি। ব্যাপারটা ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটিকে দেখতে বলেছি। কমিটি বসেই ঠিক করুক, মামুনুলের কী শাস্তি হবে।’
সালাউদ্দিন নিজে মামুনুলের কঠোর শাস্তির পক্ষে। যদিও চান না শাস্তিটা চলতি মৌসুমেই হোক। কারণ এতে মামুনুলের দল শেখ জামাল ক্ষতিগ্রস্ত হবে। বাফুফে সভাপতির কথা, ‘আমি চাই, আগামী মৌসুমে অন্তত এক বছর নিষিদ্ধ হোক মামুনুল। আগামী দিনের ফুটবলারদের গড়ে তুলতে এটা দরকার।’
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম জানিয়েছেন, গোটা ব্যাপারটা নিয়ে মামুনুলকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং সেটির জবাবও দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। শৃঙ্খলা কমিটির প্রধান মেজবাহ আহমেদ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় সময় নিচ্ছেন। কয়েক দিন পরই প্রথম সভায় বসে তাঁরা ঠিক করবেন মামুনুলের ভাগ্য।
জানা গেছে, গত ২৫ অক্টোবর বাফুফে ভবন চত্বরে মামুনুলের সঙ্গে বাদানুবাদ হয় বাফুফের জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদের। সেই পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা বাফুফের কাছে লিখিত অভিযোগ দেন এই মিডফিল্ডারের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন, মামুনুল তাঁর সঙ্গে উত্তেজিত হয়ে আপত্তিকর ভাষাই শুধু ব্যবহার করেননি, বাফুফে কর্মকর্তাদের নিয়ে ছাপার অযোগ্য মন্তব্য করেছেন।
তবে কাল এই প্রতিবেদকের কাছে ব্যাপারটা অস্বীকার করেছেন মামুনুল, ‘বাফুফের ওই জনসংযোগ কর্মকর্তা অনূর্ধ্ব-১৯ দলের এক খেলোয়াড়ের কাছে বলেছেন, আমি নাকি ইচ্ছা করে সাফে খেলিনি (দুই ম্যাচে ২০ মিনিট খেলেছি)। কোচ আমাকে জাতীয় দল থেকে বাদ দেবেন ইত্যাদি। এ ছাড়া তিনি আমার সম্পর্কে বাজে কথা বলেন ওই তরুণ খেলোয়াড়ের কাছে। এটাই তাঁকে জিজ্ঞেস করেছি। বাফুফের কর্মকর্তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য আমি করতে যাব কেন?’
ফেডারেশন সভাপতি ঘটনাস্থলে উপস্থিত অন্যদের ডেকে ঘটনা শুনলেও মামুনুলকে ডাকেননি। এটা নিয়ে মামুনুলের অসন্তোষ, ‘ফেডারেশন সভাপতি তো আমার কথা শোনেননি! জনসংযোগ কর্মকর্তার কথা শুনে আমাকে শাস্তি দিলে তা ফুটবল অঙ্গন মানবে না।’