শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্তির ঘোষণা শুনে যাওয়ার পর বিসিবি কার্যালয়ে আর আসেননি সাকিব আল হাসান। কাল এলেন শাস্তি পুনর্বিবেচনার আবেদনপত্র হাতে নিয়ে l প্রথম আলো
শাস্তির ঘোষণা শুনে যাওয়ার পর বিসিবি কার্যালয়ে আর আসেননি সাকিব আল হাসান। কাল এলেন শাস্তি পুনর্বিবেচনার আবেদনপত্র হাতে নিয়ে l প্রথম আলো

বিসিবি কার্যালয়ে ঢুকলেন ঠিক বেলা সোয়া ১২টায়। দুপুর ১টা পর্যন্ত কাটালেন ক্রিকেট পরিচালনা বিভাগে। এরপর গেলেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কক্ষে। সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য বহিষ্কারাদেশের শাস্তি পুনর্বিবেচনার আবেদনপত্রটি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে সেখানেই তুলে দেন সাকিব আল হাসান।
বোর্ড ছেড়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে একটি লিখিত বক্তব্য পাঠ করলেন সাকিব। শৃঙ্খলা ভঙ্গ এবং অসংযত আচরণের জন্য দুঃখ প্রকাশ করে খেলা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানোর কথা বলে গেলেন সেখানেও। তবে এরপর সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই কালো টয়োটা ক্রাউন গাড়িতে চড়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছেড়ে যান সাকিব।
শাস্তি পুনর্বিবেচনার আবেদনপত্র পাওয়ার কথা জানিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সাকিব আল হাসান একটা আবেদন করেছেন। ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ থেকে যে শাস্তির সিদ্ধান্ত হয়েছিল, সে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি আবেদন করেছেন। যেহেতু এটা বোর্ডের সিদ্ধান্ত, অবশ্যই এটা আমি যথাযথ কর্তৃপক্ষকে জানাব। বোর্ডই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
কাল বিকেলের মধ্যেই সাকিবের আবেদনপত্র পৌঁছে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে বোর্ড সভাপতিও টেলিফোনে প্রথম আলোকে বলেছেন, ‘চিঠিতে সাকিব বেশ ভালোভাবেই তার বক্তব্য উপস্থাপন করেছে। তবে যেহেতু এটা বোর্ডের সিদ্ধান্ত, বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।’
আইসিসির সভাপতি হওয়ায় সাবেক বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের সংবর্ধনা উপলক্ষে আজ বিসিবির ইফতার অনুষ্ঠান আছে রাজধানীর একটি হোটেলে। সাকিবের শাস্তি কমানোর আলোচনা সেখানেই হয়ে যেতে পারে বলে জানালেন নাজমুল, ‘কাল (আজ) ইফতারে অনুষ্ঠানে আশা করি অনেকেই আসবেন। সেখানেই পরিচালকদের সঙ্গে কথা বলে নেব।’ চূড়ান্ত সিদ্ধান্ত আজই হয়ে যাবে কি না, সে ব্যাপারে কিছু না বললেও বোর্ড সভাপতি পরিষ্কার করেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এশিয়ান গেমসের দলে ওকে (সাকিব) নেওয়ার কোনো সুযোগ দেখি না। এরপর কী করা যায় সেটা আমরা বিবেচনা করে দেখব।’
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বরাবর লেখা চিঠিতে সাকিব মূলত খেলার ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনারই অনুরোধ জানিয়েছেন। ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, সেটি তুলে নেওয়ার ব্যাপারে কিছু বলেননি।এ ছাড়া চিঠিতে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। কাউকে দুঃখ দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন সেজন্য।
শাস্তি পুনর্বিবেচনার আবেদনপত্র জমা দেওয়ার আগে সাকিব ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান আকরাম খানের রুমে বসে কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। ইংল্যান্ড যাওয়ার আগে মুঠোফোনে যে বাদানুবাদে জড়িয়েছিলেন সাকিব আর কোচ, সেটি এখন মিটে গেছে বলেই দাবি আকরামের, ‘আমি কোচের সঙ্গে ওর (সাকিব) আলাপ করিয়ে দিয়েছি। কোচকে বলেছি তার জন্য একটা প্র্যাকটিস শিডিউল করে দিতে। কোচও আশ্বস্ত করেছেন, বোর্ড যেভাবে বলবে সেভাবেই তিনি সবকিছু করবেন।’
এত দিন বল ছিল সাকিবের কোর্টে। শাস্তি পুনর্বিবেচনার আবেদন করে বল এখন আবার বিসিবির কোর্টে পাঠিয়ে দিয়েছেন সাকিব। আকরাম খানের আশা, ক্রিকেটের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নেবে বোর্ড, ‘আমি চিঠিটা দেখেছি...চিঠি পড়ে যথেষ্ট অনুতপ্ত মনে হয়েছে সাকিবকে।ক্রিকেটের জন্য ভালো হয়, এমন সিদ্ধান্তই আমরা নেব।’

পকেট থেকে বের করে ভাঁজ করা কাগজটা খুললেন। কাগজে হাতে লেখা একটা বক্তব্য। বিসিবিতে শাস্তি পুনর্বিবেচনার আরজি জানিয়ে কাল দুপুরে সংবাদমাধ্যমের সামনে ১ মিনিট ১৩ সেকেন্ডের লিখিত বক্তব্য দিলেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বারান্দায় দাঁড়িয়ে দেওয়া সে বক্তব্য হুবহু তুলে ধরা হলো এখানে—
‘ক্রিকেট আমার জীবন’
আসসালামুআলাইকুম।
আমার কোনো আচরণে বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট দল বিব্রত হয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে দর্শক এবং সমর্থক যারা সব সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছেন তাঁদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি।
আমি স্বীকার করছি যে, একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এবং বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে আমি অনেক ক্ষেত্রেই যথাযথ শৃঙ্খলা এবং সংযত আচরণ প্রদর্শন করতে পারিনি। ভবিষ্যতে আমি আরও পরিণত আচরণ করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
আমার ব্যাপারে বোর্ডের যা সিদ্ধান্ত হয়েছে তা আমি সম্মান করি। কিন্তু ক্রিকেট খেলা থেকে দূরে থাকার চাইতে কষ্টকর আমার জন্য কিছু হতে পারে না। ক্রিকেট আমার জীবন এবং অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকে আমি বাংলাদেশের রং ও বিসিবির লোগো পরে আসছি। এটা আমার জন্য সবচাইতে গর্বের বিষয়। বাংলাদেশ দল আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। আমি জাতীয় দলের জন্য আমার সর্বস্ব বিলিয়ে দিয়ে খেলি। ভবিষ্যতেও বাংলাদেশের জন্য আমার সবটুকু উজাড় করে দেব।
আমি বিসিবি এবং বাংলাদেশ দলের সঙ্গেই বড় হয়েছি। বাংলাদেশ ক্রিকেট আমার জন্য অনেক বেশি আবেগের জায়গা। আমি সে অবস্থান থেকে বোর্ডের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি, খেলা থেকে সাসপেনশনের সিদ্ধান্তটি যেন পুনর্বিবেচনা করা হয়। ধন্যবাদ সবাইকে।