শাস্তি পেতে যাচ্ছেন জাহিদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা বলে আগেই চলে গেছেন সাখাওয়াত হোসেন (রনি)। আরেক ফুটবলার জাহিদ হোসেনের অপেক্ষায় ছিলেন কমিটির সদস্যরা।
বিকেল সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করেও জাহিদের দেখা মেলেনি। তাই তাঁর কোনো বক্তব্য ছাড়াই ছয় দিনের সাক্ষাৎকারপর্ব শেষ করল কাল তদন্ত কমিটি। তবে দিন শেষে যে আভাসটা পাওয়া গেল, তাতে হয়তো শাস্তিই পেতে হচ্ছে জাহিদ হোসেনকে।
না, জাহিদ এসেছিলেন! সাক্ষাৎকারপর্ব শেষ হওয়ার পর বিকেল পৌনে পাঁচটায়। সাংবাদিকেরা তখনো তদন্ত কমিটির চেয়ারম্যান বাদল রায়ের কক্ষে। হঠাৎই জনাকীর্ণ কক্ষে ঢুকলেন ‘নার্ভাস’ জাহিদ। কণ্ঠে জড়তা। ফ্যাকাশে মুখ। বললেন, ‘দাদা, আপনার সঙ্গে কথা বলতে চাই।’ সবার সামনে নয়, পাশের কক্ষে গিয়ে মিনিট পাঁচেক কথা বলে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যেতে চাইলেন। কিন্তু সাংবাদিকদের অনুরোধে আবারও ওপরে উঠে বললেন সাফ ব্যর্থতা নিয়ে নিজের কথাগুলো। যেগুলো বলতে পারতেন কমিটির সামনেই।
বাফুফের ডাকে এত দেরিতে সাড়া দেওয়ার ব্যাপারে জাহিদ জানালেন, ‘টাঙ্গাইলের ঘাটাইলে আমার বাড়িতে মোবাইলের নেটওয়ার্ক খুব দুর্বল। সব সময় ফোন ধরতে পারি না। তা ছাড়া গত কয়েক দিন আমার জ্বর।’ তাহলে আজ কীভাবে এলেন? উত্তরে বললেন, ‘পত্রিকায় আমার নিখোঁজ খবর পড়ে ভাবলাম, বাফুফের সঙ্গে এবার যোগাযোগ করা উচিত।’ আর দেরিতে পৌঁছানোর কারণ হিসেবে দাঁড় করালেন রাস্তার যানজটকে।
জাহিদের এই আচরণ মেনে নিতে পারেননি তদন্ত কমিটির প্রধান বাদল রায়, ‘জাহিদ বাংলাদেশের একজন ভালো খেলোয়াড়। কিন্তু আমরা তার পারফরম্যান্সে খুশি না। তার সঙ্গে কথা বলার জন্য তাকে কাল (পরশু) সারা দিন খুঁজেছি। ক্লাবে চিঠি দিয়েছি। আজ সকালেও বলেছে তিনটার মধ্যে আসবে। কিন্তু নির্দিষ্ট সময়ে আসতে পারেনি। এ জন্যই ওর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করিনি।’ যোগ করলেন, ‘একজন ভালো খেলোয়াড়ের মাঠের পাশাপাশি মাঠের বাইরেও ভালো আচরণ থাকতে হবে। এটা তো দেশ নিয়ে খেলা। তাকে অবশ্যই এসব ব্যাপারে আরও সতর্ক থাকা উচিত ছিল।’
তবে কি জাহিদের সামনে শাস্তি অপেক্ষা করছে? বাদল রায়ের উত্তর, ‘সবে তো শুনানি শেষ হলো। এখনই এ বিষয়ে কথা বলব না। তবে আমাদের প্রতিবেদনে অবশ্যই এসবের প্রতিফলন থাকবে।’
কোচের সঙ্গে একটা দূরত্ব যে জাহিদের সৃষ্টি হয়েছিল সেটি কাল পরিষ্কার হলো জাহিদের কথাতেই, ‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত কোচ সেভাবে খেলাননি। আমাকে সারাক্ষণ প্রেসিং করতে বলতেন। একজন খেলোয়াড়ের কি পুরো ৯০ মিনিট প্রেসিং খেলা সম্ভব? তাহলে তো আমার সব শক্তি সেখানেই শেষ।’ দুই ক্লাব থেকে টাকা নেওয়ার ব্যাপারটা তাঁর কাছে জানতে চেয়েছিলেন কোচ। জাহিদের এটি ভালো লাগেনি, ‘একজন পেশাদার কোচ আমাকে এসব বিষয়ে কিছু বলতে পারেন না। কোচ কীভাবে জানবেন যে আমি দুই ক্লাব থেকে টাকা নিয়েছি। এ জন্যও মানসিক চাপে ছিলাম।’ তবে পাঁ বাচিয়ে খেলার বিষয়টি পুরোই অস্বীকার করেছেন এই উইঙ্গার।
বিদেশি কোচের সঙ্গে জাহিদের বনিবনা না হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১১ সালে ঢাকায় ইলিয়েভস্কি বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে ম্যাচে তুলে নিয়েছিলেন তাঁকে। বোতলে লাথি মেরে ক্ষোভ ঝেড়ে জাহিদ দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন।