শাস্তি পেতে যাচ্ছেন জিমিরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের বিনা অনুমতিতে হকি স্টেডিয়ামের মাঠ ব্যবহার এবং তদন্তাধীন বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে আগে একবার নোটিশ পেয়েছিলেন রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান ও কামরুজ্জামানরা। জাতীয় দলের চার খেলোয়াড়কে আরেক দফা কারণ দর্শানো নোটিশ দেওয়া হলো কাল।

এশিয়া কাপ হকিতে সামর্থ্য অনুযায়ী না খেলা, দলের শৃঙ্খলা ভঙ্গ—এমন বেশ কিছু অভিযোগের জবাব দিতে বলা হয়েছে জিমিদের। এশিয়া কাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে গড়া কমিটির সুপারিশের ভিত্তিতেই কালকের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। জবাব সন্তোষজনক না হলে খেলোয়াড়দের কঠিন শাস্তিই পেতে হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

শুধু জিমিরাই নন। কারণ দর্শাতে হবে দলের সঙ্গে মালয়েশিয়া যাওয়া সহকারী কোচ মাহবুব হারুন ও আম্পায়ার সেলিম লাকিকেও। ঈদের ছুটির পরের ১০ দিনের মধ্যে ফেডারেশনে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিতে হবে এঁদের। কারণ দর্শানোর পাশাপাশি সতর্ক করা হয়েছে অধিনায়ক মামুনুর রহমান, সহ-অধিনায়ক কৃষ্ণ কুমার, পুষ্কর খীসা ও মঈনুল ইসলামকে। পারফরম্যান্স প্রত্যাশামতো না হওয়ায় ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে তাঁদের। সতর্ক করা হয়েছে কোচ নাভিদ আলমকেও।

কালকের সভা শেষে হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী বললেন, ‘দিল্লিতে বিশ্ব হকি লিগের খেলাগুলো দেখেছি, মালয়েশিয়ার খেলাও দেখেছি। দুই সফরের তুলনা করলে বলব ভারতেই ভালো খেলেছে দল। মালয়েশিয়ার পারফরম্যান্স দিল্লির ধারেকাছেও ছিল না।’ ব্যর্থতার কারণ হিসেবে তদন্ত কমিটির প্রতিবেদনে কী আছে জানতে চাইলে ইনামুল বারী বললেন, ‘অনেক কারণ ছিল। প্রশিক্ষণ কম হয়েছে, সঠিক সময় ক্যাম্প চালু করা যায়নি। কিছু অঘটনের কারণে ক্যাম্প বাধাগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। সততার সঙ্গে অনেকে খেলেনি। তবে আমরা আশা করি, খেলার মাঠে ও জাতীয় দলে আবার শৃঙ্খলা ফিরে আসবে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।’