শাস্তি মওকুফের আবেদন নাদিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু দেরিতে হলেও বিসিবির কাছ থেকে অবশেষে আনুষ্ঠানিকভাবে জেনেছেন শাস্তির সিদ্ধান্ত। জেনে কাল সেই শাস্তি মওকুফেরও আবেদন করেছেন নাদির শাহ। বিসিবির সভাপতির কাছে লেখা চিঠিতে আবেদন করেছেন ১০ বছরের বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য।ইন্ডিয়া টিভির ছদ্মবেশী সাংবাদিকের সামনে অর্থের বিনিময়ে স্পট ফিক্সিংয়ে রাজি হয়ে ফেঁসে গেছেন নাদির। গত ১৮ মার্চ তাঁকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করে বিসিবি। কাল বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর হাতে শাস্তি মওকুফের আবেদনপত্র তুলে দিয়ে নাদির বলেছেন, ‘সভাপতিকে লেখা চিঠিতে আমি বোর্ডের কাছে অনুরোধ করেছি যেন আমার শাস্তিটা তুলে নেওয়া হয়। আমি যেন আবার আম্পায়ারিং করতে পারি। আমি আশাবাদী, তাঁরা আমার শাস্তি তুলে নেবেন।’আম্পায়ারিংয়ের বাইরেও নাদিরের জীবন ক্রিকেটকে ঘিরে। সেই ক্রিকেট থেকে দূরে থাকাটা এখন রীতিমতো অসহ্য মনে হচ্ছে তাঁর কাছে, ‘খুব মিস করি ক্রিকেট...মাঠে থাকাটা। বন্ধু-বান্ধব সবাই সারাক্ষণ ক্রিকেট নিয়ে কথা বলে। আমিও বলি। কিন্তু আম্পায়ারিং করতে না পারাটা আমার জন্য খুবই হতাশাজনক।’ বর্তমান পরিস্থিতিটাকে তাই জীবনের বড় শিক্ষা মনে করছেন তিনি, ‘এ থেকে আমি অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আমি যেকোনো বিষয়ে কথা বলায় আরও সতর্ক থাকব। স্পর্শকাতর বিষয়ে কথাই বলব না কারও সঙ্গে। মানুষ ভুল থেকে শেখে। আমিও শিখলাম।’