শাস্তি মওকুফের আবেদন ম্যাচ রেফারি আজমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের আবাহনী-ব্রাদার্স ম্যাচে ‘অমনোযোগী ও দায়িত্বে অবহেলা’র কারণে ম্যাচ রেফারি ওবায়দুল হক আজমকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিসিবি। কিন্তু এই শাস্তি মেনে নিতে পারছেন না আজম। নিজের অবস্থান ব্যাখ্যা করে শাস্তি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বিসিবি সভাপতির কাছে।
‘আমি বিসিবি সভাপতিকে সঙ্গে সঙ্গেই চিঠি দিয়েছি শাস্তি প্রত্যাহারের জন্য। কিন্তু এখনো কোনো সাড়া পাইনি। এমনকি আমাকে কেন শাস্তি দেওয়া হলো, আমার অপরাধ কী, সেসব জানিয়ে শাস্তির সিদ্ধান্তটাও এখনো আমাকে বোর্ড থেকে জানানো হয়নি’—কাল টেলিফোনে বলেছেন ম্যাচ রেফারি আজম।
অগত্যা কোনো উপায় না দেখে সংবাদমাধ্যমের মাধ্যমেই বিসিবি সভাপতি নাজমুল হাসানের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি। কাল বিভিন্ন পত্রপত্রিকায় পাঠানো এক চিঠিতে আজম লিখেছেন, ‘আমি আবাহনী-ব্রাদার্স ম্যাচে কোনো ভুল করিনি। সোহরাওয়ার্দী শুভর শাস্তির চিঠি আমি নিয়মানুযায়ী ওই দিন ম্যাচ ম্যানেজার আতিকের মাধ্যমে সিসিডিএমে পাঠিয়ে দিয়েছি। আমি ম্যাচ রেফারি, আমি সিসিডিএমও নই, সিসিডিএমের পিয়নও নই।’ ব্রাদার্সের কাছে শাস্তির চিঠি পাঠানোটা সিসিডিএমের দায়িত্ব উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘সিসিডিএমের ভুলের জন্য আমি দায়ী হতে পারি না। শুনানির পর কোনো কারণে খেলোয়াড়কে রায় জানানো সম্ভব না হলে তা নিয়ম অনুযায়ী সিসিডিএমের মারফতই জানাতে হয়।’ বিসিবি সভাপতির কাছে তাই শাস্তির হাত থেকে তাঁকে রেহাই দেওয়ার অনুরোধ করেছেন আজম।