শাস্তি মেনে নিয়ে ক্ষমা চাইলেন সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কামড়কাণ্ডে’র জন্য পাওয়া ১০ ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন না লুইস সুয়ারেজ। আজ শুক্রবার শাস্তি মেনে নিয়ে আবারও ক্ষমা প্রার্থনা করেছেন লিভারপুলের উরুগুইয়ান এই স্ট্রাইকার। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় সুয়ারেজ বলেছেন, ‘আশা করছি, গত রোববারের অপরাধের জন্য সবাই আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওই ঘটনার জন্য আমি আবারও ব্রানিস্লাভের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি।’ অ্যানফিল্ডে গত রোববার রাতে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের একপর্যায়ে চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দেন সুয়ারেজ। খেলা শেষে সুয়ারেজ নিজেই ইভানোভিচের কাছে গিয়ে ওই ঘটনার জন্য ক্ষমা চান। কামড়কাণ্ডের পরের দিনই সুয়ারেজকে জরিমানা করে তাঁর ক্লাব লিভারপুল। তবে তাঁকে কী পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে, তা প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। গত পরশু সুয়ারেজকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।নিষেধাজ্ঞা পাওয়ার পরই সুয়ারেজ দাবি করেছিলেন, তাঁর ওপর শাস্তিটা বেশি হয়ে গেছে। কারণ, এ ধরনের অপরাধের ক্ষেত্রে সাধারণত তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আজ ছিল নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার শেষ দিন। তবে আপিল করবেন না জানিয়ে সুয়ারেজ বলেন, ‘১০ ম্যাচের নিষেধাজ্ঞাটা একটু বেশিই হয়ে গেছে। খেলোয়াড় মারাত্মকভাবে আহত হলে এই ধরনের শাস্তি দেওয়া হয়। তবে আমি স্বীকার করছি, ফুটবল মাঠে আমি যে আচরণ করেছি তা অগ্রহণযোগ্য। তাই আপিল করার মাধ্যমে সবার কাছে ভুল বার্তা পাঠাতে চাই না আমি।’কামড়কাণ্ডের পর সুয়ারেজ নিজেই ব্যাপারটা ‘ক্ষমার অযোগ্য’ আচরণ বলে অভিহিত করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ক্ষমার অযোগ্য এই আচরণের জন্য ইভানোভিচ তো বটেই, লিভারপুলের কোচ, অন্যান্য সতীর্থ ও সমর্থকের কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি এই আচরণের জন্য লজ্জিত।’