শাস্তি মেনে নেবেন তেভেজ
গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন কার্লোস তেভেজ। আগে এ অভিযোগের কথা অস্বীকার করে পাল্টা আবেদন জানানোর ইঙ্গিত দিলেও এখন এ শাস্তি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে। গত মাসে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের চার সপ্তাহের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ম্যানচেস্টার সিটি। পরে অবশ্য সেটা দুই সপ্তাহে কমিয়ে এনেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাব।গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলায় তেভেজ দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন কোচ রবার্তো মানচিনি। অবশ্য এ অভিযোগ কখনোই স্বীকার করেননি তেভেজ। কোচ মাঠে নামার আগে তাঁকে প্রস্তুতি নিতে বলার পর তিনি ইতিমধ্যেই সেটা সেরে ফেলেছেন বলে জানিয়েছিলেন।তবে ম্যানসিটির কোচ রবার্তো মানচিনি যে বেশ ভালোই ক্ষুব্ধ হয়েছিলেন, তা স্পষ্টই বোঝা গেছে তাঁর কথায়। ম্যানসিটিতে তেভেজের ক্যারিয়ার ‘শেষ’ এমন কথাও বলেছিলেন এই ইতালিয়ান কোচ। ওয়েবসাইট।