শাস্তি হতে পারে রামদিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনেশ রামদিন
দিনেশ রামদিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। কিন্তু মিসবাহর ক্যাচটা ঠিকমতো নিতে পারেননি উইন্ডিজ উইকেটরক্ষক দিনেশ রামদিন। বল মাটিতে ফেলে দেওয়ার পরও জোরালো আবেদন করেছিলেন তিনি। থার্ড আম্পায়ারের হস্তক্ষেপ না হলে হয়তো শূন্য রানেই সাজঘরে ফিরতে হতো ৯৬ রান করা মিসবাহকে। এখন ক্যাচ ফেলে দেওয়ার পরও আবেদন করার মতো অখেলোয়াড়সুলভ এই আচরণের জন্য শাস্তি হতে পারে রামদিনের।
গতকাল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে ঘটেছে এই ঘটনা। শুরুতে মিসবাহকে আউটই দিয়ে দিয়েছিলেন আম্পায়ার স্টিভ ডেভিস। কিন্তু স্কয়ার লেগে দাঁড়ানো আরেক আম্পায়ার টনি হিলের সন্দেহ হওয়ায় সিদ্ধান্ত চলে যায় থার্ড আম্পায়ারের হাতে। টিভি রিপ্লেতে দেখা যায়, শুরুতে বলটা গ্লাভসবন্দী করতে পারলেও পরে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি রামদিন। বল পড়ে যায় মাটিতে। সেখান থেকেই বল কুড়িয়ে আউটের আবেদন করেন ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক। রামদিনের এই আচরণকে ক্রিকেটের চেতনাবিরোধী বলে আখ্যায়িত করেছে আইসিসি। তবে রামদিন নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এ বিষয়ে আগামী সোমবার লন্ডনে একটি শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যদি দোষী সাব্যস্ত হন, তা হলে রামদিনের ম্যাচ ফির ৫০ বা ১০০ শতাংশ কেটে রাখা হতে পারে, অথবা দুই ম্যাচের জন্য বহিষ্কৃত হতে পারেন।

রামদিনের এই আউটের আবেদন থেকে বেঁচে যাওয়ার পর ক্যারিয়ারসেরা ৯৬ রানের ইনিংস খেলেছেন মিসবাহ। ম্যাচ শেষে রামদিনের আচরণের কড়া সমালোচনাও করেছেন পাকিস্তানের অধিনায়ক। বলেছেন, ‘আমার দলের উইকেটরক্ষক যদি এই কাজটা করত, তা হলে আমি নিশ্চিতভাবেই সেটা মেনে নিতে পারতাম না। যদি তিনি না জানতেন যে এটা ক্যাচ হয়েছে কি না, তা হলে ঠিক ছিল। কিন্তু যখন আপনি জানেনই যে এটা ক্যাচ হয়নি, তখন আউট দাবি করাটাও উচিত না।’ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়াইন ব্রাভো অবশ্য দাঁড়িয়েছেন রামদিনের পাশে। তিনি বলেছেন, ‘দিনেশ সত্যিই ভেবেছিল যে সে বেশ খানিকটা সময় বল হাতে রাখতে পেরেছিল। সে খুবই সত্ খেলোয়াড়। আর আমরা কোনো ধরনের নেতিবাচক মনোভাব নিয়ে খেলি না। ইতিহাসই এটার সাক্ষী। আমরা আমাদের খেলাটা সঠিক পথেই খেলি। আমি আবেদন করার মধ্যে ভুল কিছু দেখি না।’— ক্রিকইনফো