শাস্তি হতে পারে শেহজাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ শেহজাদ। ছবি: রয়টার্স
আহমেদ শেহজাদ। ছবি: রয়টার্স

স্পর্শকাতর বিষয়ে কথা বলে ভালোই বিপদে পড়েছেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। গত শনিবার ডাম্বুলায় ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরছিলেন পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলোয়াড়েরা। ওই সময় লঙ্কান অলরাউন্ডার তিলকারত্নে দিলশানকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরামর্শ দেন শেহজাদ। ব্যস, এ ঘটনায় রীতিমতো তোলপাড়! এমন অপ্রয়োজনীয় কাণ্ডের জন্য শাস্তি হতে যাচ্ছে শেহজাদের।
দিলশানের উদ্দেশে শেহজাদ বলেন, ‘যদি তুমি মুসলিম না হও, তবে ধর্ম পাল্টে মুসলিম হয়ে যাও; তাহলে জীবনে যা-ই কর না কেন, সোজা বেহেশতে চলে যাবে।’ দিলশানের তাত্ক্ষণিক জবাব, ‘সেখানে যেতে চাই না।’ এবার শেহজাদের মন্তব্য, ‘তবে ধ্বংসের জন্য তৈরি হও!’ তদন্ত করে বিষয়টির সত্যতা খুঁজে পাওয়ায় এ ব্যাপারে কঠোর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।
পিসিবির নবনিযুক্ত প্রধান শাহরিয়ার খান শেহজাদের এ মন্তব্যকে ‘নির্বোধ’ বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, ‘সত্যি এটি ছিল নির্বোধের মতো মন্তব্য। মাঠে, বিশেষ করে বিদেশ সফরে ধর্ম নিয়ে কথা বলার তার কোনো প্রয়োজন নেই।’ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি বলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডেরও প্রশংসা করলেন শাহরিয়ার। বললেন, ‘ এ ঘটনায় শ্রীলঙ্কা কোনো অভিযোগ না করার সিদ্ধান্ত সঠিক। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে মাঠে আর না ঘটে, আমাদের শৃঙ্খলা কমিটি সেটি নিশ্চিত করবে।’
এ ঘটনায় শেহজাদের শাস্তি হবে কি না, এ প্রসঙ্গে পিসিবি প্রধান বললেন, ‘পিসিবির একটি ধারায় স্পষ্ট বলা আছে, কোনো খেলোয়াড় ধর্মীয় কিংবা রাজনৈতিক ব্যাপারে প্রকাশ্যে কোনো কথা বলতে পারবেন না। কারণ, সে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছে। ঘটনার ভিডিও ফুটেজ অনুযায়ী, শেহজাদ এ ধারা ভঙ্গ করেছে। ফলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র: পিটিআই, এএফপি ও রয়টার্স।