শাস্তিটাও পেয়ে গেলেন আর্মস্ট্রং
আনুষ্ঠানিকতাই শুধু বাকি ছিল। সেটাও হয়ে গেল। কেড়ে নেওয়া হলো সাতটি ট্যুর ডি ফ্রান্স শিরোপা, নাম মুছে গেল রেকর্ড বই থেকে। মৃত্যুঞ্জয়ী এক সাইক্লিং কিংবদন্তি নয়, ল্যান্স আর্মস্ট্রংয়ের পরিচয় এখন স্বর্গ থেকে পতিত ঘৃণিত এক চ্যাম্পিয়ন ও সুকৌশলী প্রতারক! যুক্তরাষ্ট্রের ডোপিং-বিরোধী সংস্থার (ইউএসএডিএ) দেওয়া শাস্তি সমর্থন করেছে ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই)। এত দিন যিনি ছিলেন খেলাটার অবিসংবাদিত কিংবদন্তি, তাঁকে নিয়েই এখন ইউসিআই প্রেসিডেন্ট ম্যাট ম্যাককুয়াইডের ঘৃণিত উচ্চারণ, ‘সাইক্লিংয়ে আর্মস্ট্রংয়ের কোনো স্থান নেই।’ক্যানসার-পরবর্তী সময়ে, অর্থাৎ ১৯৯৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত আর্মস্ট্রংয়ের সব শিরোপাই কেড়ে নেওয়া হয়েছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পরিচয়টা তাই অন্তত থাকছে। সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ যে জিতেছিলেন আগেই, ১৯৯৩ সালে। ওই স্মৃতি আঁকড়েই হয়তো কাটাতে হবে বাকি জীবনটা। সাইক্লিং-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও যে দেওয়া হয়েছে আজীবন নিষেধাজ্ঞা! আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে সব সময়ই মাদক নেওয়ার অভিযোগ তুলে এসেছেন প্রতিদ্বন্দ্বীরা। সে সব প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগগুলোকে মনে করা হতো বরং ঈর্ষার বহিঃপ্রকাশ। কিন্তু গত জুন থেকেই আর্মস্ট্রংয়ের কালো অধ্যায়টি উন্মোচিত হতে থাকে। ১০ অক্টোবর ইউএসএডিএ ঘোষণা দেয়, ক্রীড়া ইতিহাসের সবচেয়ে সুপরিকল্পিত, সাজানো, পেশাদারি ও সফল ডোপিং প্রকল্পের অংশ আর্মস্ট্রং ও তাঁর দল! রয়টার্স।