শাস্তিতে ছাড় পাওয়ার আশা আশরাফুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল

বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগটা নিজেই স্বীকার করেছিলেন। তদন্তের সময় আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে সর্বাত্মক সহায়তাও করেছেন মোহাম্মদ আশরাফুল। আর এ কারণেই বিসিবি বা আইসিসি তাঁকে শাস্তির ক্ষেত্রে কিছুটা ছাড় দেবে বলে আশা করছেন। স্বপ্ন দেখছেন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আবার মাঠে ফেরার। তবে বাস্তবে সেটা সম্ভব হবে কি না, সেটা নির্ধারিত হবে বিসিবির ট্রাইব্যুনালেই।

বিপিএলের দ্বিতীয় আসরে নয়জন ব্যক্তি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন বলে জানানো হয়েছে আজ আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে। তাঁদের মধ্যে একজন যে আশরাফুল, সেটা তো সবার আগে থেকেই জানা ছিল। সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন, আইন অনুযায়ী ফিক্সিংয়ে সরাসরি জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের পাঁচ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে। তবে আশরাফুলের আশা, তাঁর শাস্তির মেয়াদ হবে দুই থেকে তিন বছরের মধ্যে। সেই শাস্তির মেয়াদ কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন—এমন আশাও আছে তাঁর।

দোষ নিজে থেকেই স্বীকার করে নেওয়ায় আইসিসির কাছ থেকে কিছুটা করুণা আশা করছেন আশরাফুল। আইসিসির তদন্তে করেছেন পূর্ণ সহযোগিতা। এ কারণেই কিছুটা ছাড় প্রত্যাশা করছেন তিনি, ‘তদন্ত চলার সময় আমি সর্বাত্মক সহায়তা করেছি। এখন এটা যদি তাঁরা বিবেচনায় নেন, তাহলে আমার মনে হয় শাস্তিটা দুই থেকে তিন বছর পর্যন্ত হতে পারে। তিন বছর পর আমার বয়স হবে ৩২। আর আমার বিশ্বাস, ক্যারিয়ারটা হয়তো শেষ হয়ে যাবে না। এ রকম বয়সে অনেক ক্রিকেটারই খেলেছেন। সনাত্ জয়সুরিয়া খেলেছেন। শচীন টেন্ডুলকার এখনো খেলছেন।’

কিন্তু আইসিসি কি সত্যিই আশরাফুলকে এরকম ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে? আজ রিচার্ডসন সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখিও হয়েছিলেন। সেখানে সুনির্দিষ্টভাবে কোনো উত্তর দেননি আইসিসির প্রধান নির্বাহী। তবে আশরাফুলের সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হতেও পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা নিজেই স্বীকার করে নেওয়ার পর সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে আশরাফুলকে। আজ আশরাফুল নিজে হোটেল র্যাডিসনে উপস্থিত হয়ে তাঁর বিরুদ্ধে গঠন করা অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। এরপর তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।