শাস্তির অপেক্ষায় সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঝবিরতিতে স্ত্রীকে উত্ত্যক্তকারী কয়েকজন যুবকের দিকে তেড়ে গিয়ে চড়াও হয়েছিলেন । বোঝাই যাচ্ছিল, সাকিব আল হাসান ঝামেলায় পড়তে যাচ্ছেন আবারও। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের ওই ঘটনার জন্য শাস্তি পেতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
বিসিবি সূত্র অাভাস দিয়েছে, ম্যাচ নিষেধাজ্ঞা হচ্ছে না সাকিবের, হতে যাচ্ছে মোটামুটি অঙ্কের আর্থিক জরিমানা। গতকাল দুপুরে সাকিবকে বিসিবি কার্যালয়ে শুনানিতে ডেকে পাঠায় বোর্ড। শুনানিতে ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান, পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী । সাকিব ঘটনা নিয়ে নিজের ব্যাখ্যা দেন ও স্ত্রীর উত্ত্যক্তকারীদের শাস্তি দাবি করেন। রায় ঘোষণা হতে সপ্তাহ খানেক দেরি হতে পারে। অপেক্ষাটা জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদের দেশে ফেরার। ব্যক্তিগত কাজে এখন ভারতে রয়েছেন মাহমুদ, তিনি দেশে ফিরে রিপোর্ট দেওয়ার পরই ঘোষিত হবে শাস্তি।
ম্যাচ চলাকালে যে ড্রেসিংরুম ছেড়ে যাওয়া যায় না, সাকিবের নাকি তা জানা ছিল না। কাল শুনানি শেষে সাকিব বললেন কী শাস্তি হয় সেটার জন্যই এখন অপেক্ষা করছেন, ‘ড্রেসিংরুম ছেড়ে যাওয়াটা যে আইনবিরুদ্ধ সেটা আমি জানতাম না। এখানে আমার দোষ আছে, দেখি এখন কী সিদ্ধান্ত হয়।’
তাঁর স্ত্রীকে উত্ত্যক্তকারী এক যুবকের জামিন পেয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সাকিব।