শাস্তির মুখে কামরান, আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে শাস্তির মুখোমুখি হতে পারেন কামরান আকমল ও শহীদ আফ্রিদি। তবে বাজে পারফরম্যান্সের জন্য নয়, শৃঙ্খলাভঙ্গের জন্য। বল বিকৃত করে পাকিস্তানি ক্রিকেটকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য আফ্রিদি ও আচরণবিধি ভাঙার জন্য কামরানকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ম্যাচ পাতানো ইস্যুতে অবশ্য কামরান-রানা নাভেদের পাশেই দাঁড়িয়েছে পিসিবি, মিথ্যে অভিযোগ তোলার জন্য ভয়েস অব আমেরিকাকে ক্ষমা চাইতে বলবে। এদিকে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কামরান আকমল।অস্ট্রেলিয়ায় শেষ ওয়ানডেতে বল টেম্পারিং করে দুটি টি-টোয়েন্টি নিষিদ্ধ হন আফ্রিদি। আর বাজে পারফরম্যান্সের জন্য শেষ টেস্টে বাদ পড়ার আগে সংবাদমাধ্যমে অবিরত কথা বলেছেন কামরান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্র দ্য ডেইলি টাইমসকে জানিয়েছে, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রায় প্রস্তুত হওয়ার পথে, তদন্ত কমিটির প্রধান ও পিসিবি চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারি দু-একদিনের মধ্যেই পিসিবি-প্রধান ইজাজ বাটের কাছে প্রতিবেদন জমা দেবেন। কমিটি অবশ্য শুধু শাস্তির সুপারিশই করবে। বাকিটা পিসিবির দায়িত্ব। নাভেদ ও কামরানের ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ আইসিসি পিসিবির কাছে দিয়েছে বলে ভয়েস অব আমেরিকা দাবি করলেও দু পক্ষই এটাকে অস্বীকার করেছে। এদিকে অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতায় এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত কামরান ম্যাচ পাতানোর অভিযোগে চূড়ান্ত হতাশ, ‘আমি কোনোভাবেই ম্যাচ পাতানোয় জড়িত নই, সব অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে। মনে হয় কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে আমার ক্যারিয়ার ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে।’ কামরানের এজেন্ট ও ঘনিষ্ঠ বন্ধু আজহার মজিদের দাবি ষড়যন্ত্রে লিপ্ত লোকদের চেনেনও তিনি, ‘কামরান আকমলের ভাবমূর্তি নষ্ট করতে কিছু লোক চেষ্টা করে যাচ্ছে। আমি সবার নামই জানি, তবে এখনই বলতে চাই না। তারা চায় না, কামরান পাকিস্তান দলে খেলুক। পাকিস্তান হারার পর কামরানের সঙ্গে আমি কথা বলেছি, প্রতিবারই কামরান প্রায় কেঁদে ফেলেছে। ওর স্ত্রীও খুব শিক্ষিত মেয়ে, কামরান দেশের হয়ে সেরাটা দিক এটাই চায়। কোনোভাবেই নিশ্চয়ই তারা ভাবমূর্তি নষ্ট করতে চাইবে না। এই অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগ শুধু কামরান নয়, ওর পরিবার ও বন্ধু-বান্ধবের জন্যও রীতিমতো বিব্রতকর।’ ওয়েবসাইট।