শাস্তির মুখে পাঁচ ফুটবলার
এত দিন অদ্ভুত এক উটের পিঠে সওয়ার ছিল ঘরোয়া ফুটবল। দলবদলের আগে খেলোয়াড়েরা একাধিক ক্লাব থেকে টাকা নিলেও পার পেয়ে যেতেন বাইলজে শাস্তির বিধান না থাকায়। তবে এবার পাঁচ ফুটবলার দুই ক্লাব থেকে টাকা নিয়েছেন—অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে বাফুফের লিগ কমিটি।
দুই দলের কাছ থেকে টাকা নেওয়া পাঁচ খেলোয়াড় শাস্তি পেতে পারেন। তাঁরা হলেন জাহিদ হোসেন, মামুন মিয়া, নাহিদুল ইসলাম, শাকিল আহমেদ (এই চারজন প্রথমে মোহামেডান ও পরে শেখ রাসেল থেকে টাকা নেন) ও মিঠুন চৌধুরী (আবাহনী থেকে টাকা নিয়ে ভিড়েছেন শেখ রাসেলে)। কাল লিগ কমিটির সভায় দুই দলের কাছ থেকে টাকা নেওয়ার অপরাধে শাস্তিমূলক একটি আইন পাস হয়েছে।
শাস্তি সম্পর্কে সভাপতি সালাম মুর্শেদী জানান, ‘দুই ক্লাব থেকে টাকা নেওয়া খেলোয়াড়দের ব্যাপারটা দেখবে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ক্লাবের সঙ্গে সমঝোতা করতে খেলোয়াড় ৭২ ঘণ্টা সময় পাবে, সমাধান না হলে খেলোয়াড়কে এক বছর নিষিদ্ধ করা হবে। পাশাপাশি ক্লাবের টাকা শোধ করতে খেলোয়াড়কে দেওয়া হবে সাত দিন সময়। টাকা দিতে ব্যর্থ হলে আরও এক বছরের নিষেধাজ্ঞা।’
লিগ কমিটির সভায় নতুন এই আইন কাল অনুমোদিত হয়েছে। বাফুফের নির্বাহী কমিটির সভায় আজ তা চূড়ান্ত অনুমোদনের জন্য তোলার কথা। এ সভায় আরেকটি সিদ্ধান্ত হয়েছে, বাইলজ অনুমোদন না হওয়ায় ১০ দিন স্থগিত থাকা ফুটবলারদের দলবদল শুরু হবে আগামীকাল।
দুই মৌসুম আগে শেখ জামাল-রহমতগঞ্জ পাতানো ম্যাচের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রহমতগঞ্জের কর্মকর্তা সালাউদ্দিন কালাকে তিন বছর নিষিদ্ধ করেছিল বাফুফে। দুই বছরের বেশি শাস্তি ভোগ করে বাকি কয়েক মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি আবেদন করেন লিগ কমিটির কাছে। লিগ কমিটি তা গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে নির্বাহী কমিটির কাছে।