শাস্তির মুখে প্যাকিয়াও
‘শতাব্দীসেরা’ লড়াইয়ে ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের কাছে হারের পর পরই কাঁধের চোটের কথা বলেছেন ম্যানি প্যাকিয়াও। কাঁধের চোট আরও বেড়েছে ফিলিপিনো বক্সারের। এমআরআই স্ক্যান রিপোর্ট দেখে ওই চোট ‘গুরুতর’ জানিয়ে লস অ্যাঞ্জেলেসের অর্থোপেডিক সার্জন নিল এলঅ্যাট্রাচি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এই সপ্তাহের শেষেই সার্জনের ছুরির নিচে যেতে পারেন প্যাকিয়াও।
তাঁর কাঁধের চোট নিয়ে চলছে চাপানউতোর। প্যাকিয়াও সমর্থক এবং বক্সিং নিয়ন্ত্রণ সংস্থা নেভাদা অ্যাথলেটিক কমিশন মুখোমুখি দাঁড়িয়ে। লড়াইয়ের আগে কাঁধের চোটের সুচিকিৎসার ব্যবস্থা না নেওয়ায় প্যাকিয়াওর অনুসারীরা দুষছেন নেভাদা অ্যাথলেটিক কমিশনকে। অন্যদিকে অ্যাথলেটিক কমিশন দুষছে প্যাকিয়াওকে।
লাস ভেগাসের রিংয়ে লড়াইয়ের আগে প্রত্যেক প্রতিদ্বন্দ্বীকে সংস্থার একটি ফরম পূরণ করতে হয়। যে ফরমে চোট আছে কি না—এমন প্রশ্নে ‘না’ উত্তর দিয়েছেন প্যাকিয়াও। চোট থাকলে ফরমে কেন উল্লেখ করেননি প্যাকিয়াও? ব্যাপারটি খতিয়ে দেখবে নেভাদা অ্যাথলেটিক কমিশন। ইচ্ছা করে চোট লুকিয়ে দোষী প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন প্যাকিয়াও। এএফপি ও রয়টার্স।