ডিআরএস নিয়ে লড়াইটা এখন আর শুধু বিসিসিআই-ইসিবিতেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে ধারাভাষ্যকক্ষেও। ইএসপিএন-স্টার ক্রিকেটের কল্যাণে ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বনাম সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনের সম্মুখ সমরের ঘটনা আর কারও অজানা নেই। একজন ভারতীয় ক্রিকেট বোর্ডকে কটাক্ষ করছেন তো আরেকজন বলছেন, বিসিসিআইকে দেখে ইসিবির চোখ টাটায়!ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ভারত নিমরাজি থাকায় পুরোপুরি কার্যকর নয় ডিআরএস। এলবিডব্লুর সিদ্ধান্তের বিপক্ষে ডিআরএস নেওয়ার কোনো সুযোগ নেই এই সিরিজে। ভারতের জন্য এটি বুমেরাংই প্রমাণিত হয়েছে ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিনে। হরভজন সিংকে এলবিডব্লু দেওয়া হয়েছে, যদিও টিভি রিপ্লে পরিষ্কার দেখিয়েছে, বল প্যাডে আঘাত করার আগে লেগেছিল ব্যাটে। রেফারেল নিতে পারলে হরভজন কিন্তু আউট হন না। হরভজনের আউটের প্রসঙ্গ টেনেই হুসেইন বলেছিলেন, ডিআরএস পুরোপুরি ব্যবহার না করাটা ‘দুঃখজনক’। স্টার ক্রিকেটে হর্ষা ভোগলের এক অনুষ্ঠানে শাস্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কড়া ভাষায়, ‘আইপিএল যেভাবে এগোচ্ছে তাতে তারা (ইংল্যান্ড) ঈর্ষান্বিত, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন—এই সত্যটা তারা মানতে পারছে না। ঈর্ষার আরেকটা কারণ, বিসিসিআই এখন প্রচুর আয় করছে। শেষ কথা হলো, টেস্ট ক্রিকেটে তারা কখনোই এক নম্বর হতে পারেনি।’টেস্টের তৃতীয় দিনে ধারাভাষ্যকক্ষে বসেই পাল্টা জবাব দিলেন হুসেইন, ‘রবি, ডিআরএস না নেওয়াটাকে আমি দুঃখজনক বলতে পারি কি না, গতকাল (গত পরশু) একটা অনুষ্ঠানে আপনি সেই প্রশ্ন তুলেছেন। আমি বলব, ৯৬টি টেস্ট খেলে ক্রিকেট সম্পর্কে এই মতামত দেওয়ার অধিকার আমি অর্জন করেছি। আমি নিশ্চিত, ইএসপিএনও আমাকে তাই করতে বলছে।’ চুপ থাকেননি শাস্ত্রীও, ‘আপনি বলেছেন, এটা অন্যায় যে ভারত এটা নেয়নি। এখানেও ব্যাপারটা একই রকম—ডিআরএস নেবে কি নেবে না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের আছে। ভারত এটা নেয়নি, কারণ তারা মনে করে জিনিসটা শতভাগ নির্ভুল নয়।’ আর এ কারণে হটস্পটকে ‘কোল্ড স্পট’ বলতেও ছাড়েননি শাস্ত্রী।নাসের হুসেইনও তাঁর অবস্থান থেকে নড়েননি। ‘মন্তব্যটা মোটেও ভারতের কারণে নয়। আজ যদি জিম্বাবুয়ে এটা ব্যবহার না করত, সেটাও হতো ভুল। আমি ডিআরএস পদ্ধতিতে বিশ্বাস করি। আর আপনি বোধহয় ভারতের এক নম্বর হওয়া নিয়ে ঈর্ষার কথাও বলেছেন। ভারতের শীর্ষে যাওয়া নিয়ে আমার চেয়ে গর্বিত আর কেউ নয়।’শাস্ত্রী-হুসেইন বিতর্কের মধ্যে এসে পড়েছেন হটস্পটের আবিষ্কারক ওয়ারেন ব্রেনান। তাঁর বক্তব্য যাচ্ছে শাস্ত্রীর পক্ষেই। ট্রেন্টব্রিজ টেস্টে ভ্যাসলিন বিতর্কের পর ব্রেনানও স্বীকার করেছেন, হটস্পট শতভাগ নির্ভুল নয়। এএফপি, ওয়েবসাইট।