শাস্ত্রীর চোখে সেরা গাভাস্কারই
বয়স ৫১ বছর। এই জীবনে অনেক উদ্বোধনী ব্যাটসম্যানকেই ব্যাট হাতে বাইশগজি চৌহদ্দিতে দেখেছেন রবি শাস্ত্রী। দেখেছেন গর্ডন গ্রিনিজ, মাইক আথারটন, গ্রাহাম গুচ, ম্যাথু হেইডেন, আমির সোহেল, সাঈদ আনোয়ার, সৌরভ গাঙ্গুলী, সনত্ জয়াসুরিয়ার মতো তারকাদের। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তাঁদের মধ্যে কে সেরা—এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে শাস্ত্রীর চোখে সেরা ‘লিটল মাস্টার’ সুনীল গাভাস্কারই।গতকাল ১০ জুলাই ছিল গাভাস্কারের ৬৪তম জন্মদিন। জন্মদিনে দারুণ একটা উপহার পেয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। চতুর্থ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন লিজেন্ডস ক্লাবে। ক্রিকেট ক্লাব ইন্ডিয়ায় আয়োজিত অনুষ্ঠানে অবশ্য উপস্থিত ছিলেন না গাভাস্কার। ব্যবসায়িক কারণে তিনি আছেন যুক্তরাজ্যে।অনুষ্ঠানে গাভাস্কারের গৌরবোজ্জ্বল ক্রিকেট-অধ্যায়ের স্মরণ করেন রবি শাস্ত্রী, ‘গত ৪০ বছরে আমি তিনজন সেরা উদ্বোধনী ব্যাটসম্যান দেখেছি—গর্ডন গ্রিনিজ, গ্রাহাম গুচ ও ম্যাথু হেইডেন। তবে সুনীল গাভাস্কারের চেয়ে ভালো উদ্বোধনী ব্যাটসম্যান আমি দেখিনি।’ ব্যবসায়িক কাজে যুক্তরাজ্যে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি গাভাস্কার।টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১০ হাজার রানের মাইলফলক পেরোনো গাভাস্কার সম্পর্কে শাস্ত্রী বলেন, ‘গাভাস্কারের স্নায়ু ছিল ইস্পাতের মতো কঠিন। রানের প্রতি তাঁর ক্ষুধা ছিল বিস্ময়কর। লড়াকু মানসিকতার গাভাস্কার সব সময় ব্যর্থতাকে ঘৃণা করতেন।’১৯৮১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাস্ত্রীর। তখন ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন গাভাস্কার। শাস্ত্রী জানিয়েছেন, মাঠ বা মাঠের বাইরে—সব জায়গাতেই সিনিয়র সতীর্থের সহযোগিতা পেয়েছেন তিনি। গাভাস্কারের প্রতি তাই কৃতজ্ঞতার কমতি নেই শাস্ত্রীর, ‘খেলোয়াড়ি জীবনে খুব কম লোকই কিংবদন্তি হতে পারেন। কিন্তু গাভাস্কার তা পেরেছেন। খেলোয়াড় হিসেবে তাঁর কাছে অনেক কিছু শিখেছি আমি। এখন শিখছি ধারাভাষ্যকার হিসেবে।’শাস্ত্রী বলেন, ‘উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ভারতকে অনেক ওপরে নিয়ে গেছেন শাস্ত্রী। তিনি ছিলেন আমাদের সময়ের নায়ক। পরবর্তী প্রজন্মের টেন্ডুলকার, দ্রাবিড়, লক্ষ্মণের চেয়েও তিনি এগিয়ে।’ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারদের সম্মানিত করতে লিজেন্ডস ক্লাব চালু হয় ২০০৩ সালে। এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুরের মস্তিষ্কজাত এক পরিকল্পনা। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গাভাস্কারের আগে এর আগে লিজেন্ডস কাপে জায়গা পান বিজয় মারচেন্ট, বিজয় হাজারে ও ভিনু মানকড়।ক্যাপশন: