শাহ আলম-মাহবুবের পর ফিরোজ
সাবেক শ্যুটার কাজী শাহানা পারভীন কথাই বলতে পারছিলেন না। বারবারই বললেন, ‘এটা কী করে হয়! এভাবে একজন তরতাজা মানুষ হঠাৎ করে চলে যাবে?’ পাবনা থেকে মুঠোফোনে শ্যুটার আসিফ হোসেন খানকে ধরা হলো, তাঁর কণ্ঠও বাষ্পরুদ্ধ, ‘বিশ্বাসই করতে পারছি না এমন মৃত্যু।’মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেনের (পাখি) মৃত্যু শ্যুটিং অঙ্গনে নামিয়েছে শোকের ছায়া। তাঁর তিন বছরের ছোট্ট মেয়ে এবং কাজের মেয়েও মারা গেছে এ দুর্ঘটনায়। ফিরোজের স্ত্রী লাভলী চৌধুরী (আঁখি) আহত হয়ে ভর্তি আছেন হাসপাতালে।এ সড়ক দুর্ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ফিরিয়ে নিচ্ছে ১৯৮৯ সালে। সে বছর সড়ক দুর্ঘটনায় অকালে চলে যান এ দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র সাফ গেমসে টানা দুবারের দ্রুততম মানব শাহ আলম।গত বছর একইভাবে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় আরেক সাফ গেমস সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলমকে। ১৯৯৫ মাদ্রাজ সাফে ২০০ মিটারে সোনাজয়ী মাহবুবকে হারানোর পর কাল এল আরেকটি দুঃসংবাদ। নিয়তির কী পরিহাস, সেই ১৯৯৫ মাদ্রাজ সাফে ১০ মিটার এয়ার রাইফেলে সাইফুল আলম (রিংকি) ও আসবাব আলী ফয়েজের সঙ্গে দলীয় সোনা জেতা ফিরোজ হোসেনও জীবনপ্রদীপও নিভল একইভাবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কৃতীদের একের পর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চলছে যেন!এর আগে ক্যানসারের কাছে হার মেনে চিরবিদায় নেন শ্যুটার আফজাল হোসেন। এই প্রথম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একজন শ্যুটারকে। আর তা কোনোভাবেই মানতে পারছেন না শ্যুটিং রেঞ্জে ফিরোজ হোসেনের দীর্ঘদিনের সঙ্গী সাবরিনা সুলতানা। কাল রাতে পাবনা থেকে মুঠোফোনে সাবরিনা বলছিলেন, ‘পাখি-আঁখি (ফিরোজ আর লাভলীর ডাকনাম) আর আমি ছিলাম খুব কাছের বন্ধু। কত জায়গায় একসঙ্গে গেছি। পাখি কোথাও গেলে আঁখি আর আমি একসঙ্গে থাকতাম। আজ সেই বন্ধুত্ব ছিন্ন করে চলে গেল একজন।’মানুষের জীবনে কী মিল, স্বামী-স্ত্রীর নাম পাখি আর আঁখি। লাভলী চৌধুরী আঁখি শ্যুটিংয়ে আসেন পাখির কয়েক বছর পর। তারপর বন্ধুত্ব, বিয়ে। নামের কারণে দুজনকে নিয়ে বন্ধুরা মজা করতেন অনেক সময়। দুজনে খেলা থেকে অবসর নিয়েও শ্যুটিংয়েই ছিলেন। ফিরোজ কোচ ছিলেন আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের, তাঁর স্ত্রী ৫-৬ বছর ধরে শ্যুটিং ফেডারেশনের পিস্তল কোচ। ফিরোজের মৃত্যু বাংলাদেশের শ্যুটিংয়ে বড় ক্ষতি। শ্যুটিং একটা টেকনিক্যাল খেলা বলে এই খেলায় কোচ একেবারেই সীমিত। ফিরোজ হোসেনের বিদায়ে এই অঙ্গনে আরও শূন্যতাই নেমে আসবে বলে মনে করেন বর্তমানে বিকেএসপির শ্যুটিং কোচ আসবাব আলী ফয়েজ, ‘এটা অপূরণীয় এক ক্ষতি শ্যুটিংয়ের জন্য। ও দায়িত্ব নেওয়ার পর খুব ভালো করছিল সেনাবাহিনী। আন্তক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এমন একজন কোচ, খেলোয়াড়কে হারিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি।’ওদিকে এক শোকবার্তায় সদ্য প্রয়াত এই শ্যুটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে শ্যুটিং ফেডারেশন। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার শোকবার্তায় বলেছেন, শ্যুটার ফিরোজ হোসেনের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। এছাড়া শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।মৃত্যু অমোঘ। এই চিরসত্য মানলেও কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন। ফিরোজ হোসেনের অকাল মৃত্যুটায় এমন।