শাহজাদের ‘হেলিকপ্টার শট’, ধোনির লাজুক হাসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মেনে নিজেকে প্রস্তুত করেছিলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। দুজনের মধ্যে ক্রিকেটীয় মিল অনেক। সাদৃশ্য আছে শট খেলার ধরনেও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাদ প্রত্যয় ব্যক্ত করেছিলেন ‘হেলিকপ্টার শট’ খেলার, যে শট খেলে বিশেষত্ব অর্জন করেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজ করেও দেখালেন আফগানিস্তানের ‘এমএস’। গতকাল ভারতের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে জহির খানের বলে হেলিকপ্টার শট মেরে দর্শকদের যথেষ্টই বিনোদন দিয়েছেন মোহাম্মদ শাহজাদ। এ সময় উইকেটের পেছনে দাঁড়ানো ধোনি কিছুটা লাজুক হেসে মুখ ঢেকেছিলেন গ্লাভসের আড়ালে। সত্যিই কি একটু লজ্জা পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক?গতকাল জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিলেন দুই আফগান ওপেনার মোহম্মদ শাহজাদ ও নওরোজ মঙ্গল। জহির খানের প্রথম বলে মিড অফের ওপর দিয়ে দারুণ এক শট খেলেন শাহজাদ। চমত্কার ফিল্ডিং করে কোনোমতে চার ঠেকিয়েছিলেন গৌতম গম্ভীর। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটাররা সত্যিই যেন গা ঝাড়া দিয়ে উঠতে চাইছিলেন ক্রিকেটের মাঠে। পরের ওভারে ইরফান পাঠানের বলে চার মেরে প্রেমাদাসা স্টেডিয়ামে উত্তাপ ছড়ান শাহজাদ। কিন্তু তিনি দর্শকদের সত্যিকারের বিনোদন জুগিয়েছেন ইনিংসের তৃতীয় ওভারে। প্রথম চার বলে পাঁচ রান দিয়েছিলেন ভারতীয় পেস বোলিং আক্রমণের সেরা অস্ত্র জহির খান। পঞ্চম বলে প্রতিশ্রুতি রক্ষা করে সত্যিই ‘হেলিকপ্টার শট’ খেললেন মোহাম্মদ শাহজাদ। বল বাউন্ডারির বাইরে। চার। ধারাভাষ্যকারকে বলতে শোনা গেল, ‘আমরা এখানে সত্যিকারের ক্রিকেটীয় মজা পাচ্ছি।’ পরের বলে আবারও চার মেরে ওভার শেষ করেন শাহজাদ। ১৭ সেপ্টেম্বর আফগান এই ওপেনার সাংবাদিকদের বলেছিলেন, ‘ইনশাআল্লাহ, আপনারা আমাকে ভারতের বিপক্ষে ম্যাচেই হেলিকপ্টার শট খেলতে দেখবেন। আর আশা করছি, ধোনিও এটা পছন্দ করবেন।’ শাহজাদ সেই কাজটা করে দেখানোর পর ধোনি নিজের এই বিশেষ শটের অনুকরণটা পছন্দ করেছিলেন কি না বলা মুশকিল। উইকেটের পেছনে দাঁড়ানো ধোনিকে দেখা গিয়েছিল কিছুটা লাজুক হাসতে। পরক্ষণেই গ্লাভসের আড়ালে মুখ লুকিয়েছিলেন ভারতীয় এই অধিনায়ক। লজ্জা পেয়েছিলেন কি না নিশ্চিতভাবে বলা না গেলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে হয়তো কিছুটা চিন্তিতই হয়ে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। কারণ, শিরোপাপ্রত্যাশী ভারতকে গতকাল ভালোই ভয় পাইয়ে দিয়েছে নবাগত আফগানিস্তান। ফিল্ডিংয়ের সময় তিন-তিনটা ক্যাচ মিস আর ব্যাটিংয়ে অপ্রত্যাশিত কিছু দুর্ঘটনা না ঘটলে হয়তো একটা অঘটনই ঘটিয়ে দিতে পারত আন্ডারডগরা। শেষ পর্যন্ত তেমনটা না পারলেও মোহাম্মদ শাহজাদ হয়তো ধোনির নজর কেড়েছেন বিশেষভাবে।