শাহজাহানের সেমিতে ওঠাই বা কম কী!
ড. এস পি মুখার্জি সাঁতার কমপ্লেক্সে সন্ধ্যাবাতি জ্বলে উঠেছে। সাঁতারুরা ফিরে যাচ্ছেন গেমস-পল্লিতে। কারও মনে আনন্দ, কারও দুঃখ। শাহজাহান আলী (রনি) প্রথম দলে থাকলেন। কিছু ‘প্রাপ্তি’র আনন্দ ছিল তাঁর সঙ্গী।প্রাপ্তির নাম কমনওয়েলথ গেমসের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকের সেমিফাইনালে ওঠা। এই প্রথম বড় আসরে বাংলাদেশের কোনো সাঁতারু চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে থাকলেন। বাছাইয়ের সেমিফাইনালে ওঠাটাই অনেক বড় স্বপ্ন বাংলাদেশের সাঁতারুদের। সেটা নিজেদের সামর্থ্যের কারণেই।শাহজাহান সেমিফাইনালে গেলেন বটে, কিন্তু নিজের সেরা টাইমিং করতে পারেননি। ২০০৬ কলম্বো এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩০.৪৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। দিল্লিতে প্রথম হিটে ৩১.৩৬। ২৭ জনের মধ্যে সবার শেষে (১৬তম) থেকে সেমিফাইনালে উঠলেন, এরপর টাইমিং—৩০.৫৭। আটজনে সবার শেষে অবস্থান, একই সঙ্গে শাহজাহানের কমনওয়েলথ গেমসও শেষ।জন্ডিসে অনেক দিন ভুগেছেন। সুস্থ হয়ে সাঁতারে ফেরা তরুণ এগিয়ে যেতে চান সামনের দিকে, ‘এমন আসরে পদক অনেক দূরের স্বপ্ন। তবু সেমিফাইনালে উঠে খুবই ভালো লাগছে।।’ভালো লাগার অনুভূতি ছিল কাল মনোরঞ্জন রায়েরও। এই ভারোত্তোলক ৭৭ কেজিতে ১৫ জনের মধ্যে সপ্তম। স্ন্যাচে মনোরঞ্জন প্রথম তুলেছেন ১১৫ কেজি। নাইজেরিয়ার এক ভারোত্তোলক শুরুতেই ১৪৩ কেজি তুলে চমক দিয়েছেন। বিশাল ব্যবধান হলেও মনোরঞ্জন বলছিলেন, ‘গত এসএ গেমসে স্ন্যাচে ১২০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫ কেজি তুলে রুপা জিতেছি। এখানে ১২৫ কেজি আর ১৪৮ কেজি তুলেছি। ১৮ কেজি বেশি, ভালো ফলই বলব আমি।’হাইজাম্পার সজীব হোসেনের দিনটা ভালো যায়নি। বছর তিনেক ধরে ৮ বার নিজের রেকর্ড ভাঙা তরুণ গত এসএ গেমসে সর্বশেষ লাফিয়েছিলেন ২.১১ মিটার। দিল্লিতে এসে আটকে গেলেন ২.০৫ মিটারে। শেষ জাম্পে ২.১০ লক্ষ্য নিয়েও পারলেন না। অন্যদের কথা বাদই দেওয়া যাক, নেহরু স্টেডিয়ামে কাল সকালের বাছাইয়ে ভারতীয়রা অবলীলায় লাফিয়ে গেল ২.১৬ মিটার।‘আমি বুঝলাম না কী হলো। শরীর মনে হচ্ছিল উঠছে না’—ব্যাগ গোছাতে গোছাতে বললেন সজীব। তাঁর সমস্যাটা ধরতে পেরেছেন অ্যাথলেটিকস দলের ম্যানেজার মোহাম্মদ ইয়াহিয়া, ‘ও নার্ভাস ছিল। আমাকে বলছিল, স্যার আমার আজ হচ্ছে না। গেমস ভিলেজে সব সুযোগ-সুবিধা থাকার পরও খেলার সময় আমাদের অ্যাথলেটরা ঘাবড়ে যায়। এটা বড় সমস্যা।’সামর্থ্যের অভাব তো আছেই। সাঁতারে মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে ৩০.৪৬ টাইমিং করে ৪৭ জনের মধ্যে ৩৫তম ডলি আক্তার। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে ৬০০-তে ৫৫৮ স্কোর নিয়ে সাবরিনা সুলতানা ১৭ জনে ১৫তম। ৫৫২ করে শারমিন শিল্পা সবার শেষে। কোচবিহীন এই শ্যুটাররা ব্যর্থতার কারণ হিসেবে নানা সমস্যার বয়ান দিলেন কালও। বক্সার সুরুজ বাঙালি শ্রীলঙ্কার মুদানাইকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বটে, কিন্তু সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে ভয় পাচ্ছেন।এই ভয়টা তাড়াতে চান বাংলাদেশ দলের শেফ দ্য মিশন নুরুল ফজল (বুলবুল), ‘দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, খেলোয়াড়দের আয়ের ব্যবস্থা না করলে কিছুই হবে না। আমি ব্যাংক অ্যাসোসিয়েশনকে অনুরোধ করে অন্তত ২০ জন খেলোয়াড়কে মাসে কম করেও ২০ হাজার টাকার চাকরি দেওয়ার ব্যবস্থা করব।’ শুনতে ভালোই লাগে। কিন্তু বাংলাদেশে যে প্রতিশ্রুতি হারিয়ে যায় চোরাবালিতে!শাহজাহান আলী যখন সাঁতারপুলে লড়াই করছেন, বাংলাদেশের বিশাল বহরের কর্তাদের তখন সেখানে পাওয়া যায়নি। খেলা শেষ হওয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজার পুলে যাচ্ছেন বলে জানালেন। এই যখন অবস্থা, শাহজাহান-মনোরঞ্জনরা ভালোই তো করেছেন!