শাহরিয়ার নাফীসের ব্যাট হাসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরিয়ার নাফীসের ৪৩ আর রিকি ওয়েসেলসের ৪৮ রানের সুবাদে বরিশাল বার্নার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তুলেছে খুলনা রয়েল বেঙ্গলস।বিপিএলের চতুর্থ দিনে খুব অল্পসংখ্যক দর্শকের উপস্থিতিতে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল খুলনা। প্রথম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমউদ্দিন শফিউল ইসলামের বলে উইকেটের পেছনে ফিল মাস্টার্ডের ক্যাচে পরিণত হলে বিপর্যয়কর ছিল খুলনার শুরুটা। দলীয় ৩০ রানে ড্যানিয়েল হ্যারিস কবির আলীর বলে মিডঅফে বরিশাল অধিনায়ক ব্র্যাড হগের হাতে ধরা পড়লে বিপর্যয়ের মাত্রা আরও বাড়ে। ৩০ রানে ২ উইকেট হারানো খুলনার বিপর্যয় সামাল দেন অধিনায়ক শাহরিয়ার নাফীস ও রিকি ওয়েসেলস। নাফীস ২৮ বলে ৯টি চারের সাহায্যে ৪৩ রান করে রানআউট হন। রিকি ওয়েসেলস ৪৪ বলে ৪৮ রান করে আজহার মাহমুদের বলে কবির আলীর হাতে ধরা পড়েন।রিকি ওয়েসেলস আউট হয়ে যাওয়ার পরপরই খুলনার ইনিংস খেই হারিয়ে ফেলে। নাফীস ও ওয়েসেলসের পর সর্বোচ্চ রান আসে ফরহাদ রেজার ব্যাট থেকে, তাও ১১। বাকীরা বেরিয়ে আসতে পারেননি ব্যর্থতার বৃত্ত থেকে।বরিশাল বার্নার্সের প্রায় সব বোলারই আজ বল হাতে সাফল্য পেয়েছেন। নাজমুল ইসলাম ছাড়া শফিউল ইসলাম, কবির আলী, আজহার মাহমুদ, ইলিয়াস সানি ও অলাৈক কাপালি—প্রত্যেকেই একটি করে উইকেট তুলে নেন।এই প্রতিবেদন লেখার সময় ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে বরিশাল বার্নার্স। শেষ খবর অনুযায়ী বরিশালের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২০। এই মুহূর্তে চতুর্থ ওভারে খেলা অনুষ্ঠিত হচ্ছে।