বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে শুনলাম। রকিবুলের জায়গায় শাহরিয়ার নাফীস, নাঈমের জায়গায় সোহরাওয়ার্দী। শাহরিয়ারের অন্তর্ভুক্তি ভালো পদক্ষেপ এবং অবশ্যই সময়োপযোগী। তবে নাঈমকে বাদ দেওয়ায় আমি একটু অবাক। গত ম্যাচটায় নাঈম ভালো বল করেছে। টিম ম্যানেজমেন্ট কী চিন্তা থেকে পরিবর্তনটা আনল জানি না। হয়তো আরেকজন বাঁহাতি স্পিনারকে দেখে নিতে চাইল। শাহরিয়ারের বড় ইনিংস খেলার অভিজ্ঞতা আছে। আশা করি সে এই সুযোগ কাজে লাগাবে। হল্যান্ড দলের বাঁহাতি স্পিনার পিটার সিলার বেশ ভালো। শাহরিয়ার বাঁহাতি হওয়ায় ভালো হলো আমাদের জন্য। তবে শাহরিয়ার যেন কিছু প্রমাণ করতে না যায়। সে এমনিতেই পরীক্ষিত খেলোয়াড়। নতুন করে কাউকে কিছু দেখানোর নেই। এমন পরিবর্তন দলে সুস্থ প্রতিযোগিতার দুয়ার খুলে দেয়। রকিবুল বাদ পড়ায় তার যে খুব ক্ষতি হয়ে গেল, এমন নয়। বাংলাদেশ দলের সামনে অনেক ক্রিকেট আছে এবং আশা করি সে আবার একাদশে জায়গা করে নেবে। সে যা-ই হোক। আজ প্রতিপক্ষ হল্যান্ড এবং এই দলের সঙ্গে মাত্র একটি ম্যাচ খেলে আমরা হেরেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমরা সামনে তাকাব এবং ম্যাচটা আমরা জিতব আশা করি। মাঠে সব ঠিকঠাকমতো চললে চিন্তার কিছু নেই। আমাদের ম্যাচ পরিকল্পনা হওয়া উচিত, কোনো রকম তাড়াহুড়ো না করা। আর দশটা ম্যাচের মতোই হোক পরিকল্পনা। আসলে হল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা কী নেবেন, লড়াইটা তো নিজেদের সঙ্গে। তবে হল্যান্ডকে খাটো করছি না এবং ওদের হালকা করে না নেওয়ার পরামর্শ দিচ্ছি সাকিবদের। উপরন্তু একটা ব্যাপারে সতর্কও করছি, ওদের কোনো সুযোগ দেওয়া যাবে না। সুযোগ পেলেই মাথাব্যথার কারণ হয়ে যাবে। ম্যাচটা দিনে হওয়ায় শিশির-প্রভাব থাকছে না। চট্টগ্রামের উইকেটে সকালের দিকে একটু ময়েশ্চার থাকে। আগে বোলিং করলে পেসাররা সুবিধা পেতে পারে। তবে এটা ৮-১০ ওভারের বেশি নয়। এরপর এটি নিখাদ ব্যাটিং উইকেটই হওয়ার কথা। আগে ব্যাট করলে আজ সাকিবদের কাছ থেকে বড় রান আশা করব।তামিম ওর নিজের মতোই খেলুক। বাকিরা উইকেটের সঙ্গে ধাতস্থ হতে একটু সময় নিক। হল্যান্ডের বোলাররা বাজে বল দেবেই, অপেক্ষায় থাকলে ক্ষতি কিছু হবে না। আমাদের বোলিং ভালোই হচ্ছে, এখন ব্যাটিংটাও ভালো করার সময়। গত ম্যাচে মুশফিকুরকে চার থেকে ছয়ে নামিয়ে নেওয়া হয়েছে। রকিবুল ছিল চারে। এই ব্যাটিং লাইনআপটাই ছিল আমার পছন্দ। আজ ওটাই অপরিবর্তিত থাকুক। শাহরিয়ার চারে আসুক। রান করার দায়িত্ব টপ-অর্ডারকেই নিতে হবে। আমি চাইব, আজ নেট রানরেটের ব্যাপারটাও মাথায় রাখুক সাকিবরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হারায় আমাদের নেট রানরেট খারাপ হয়ে গেছে। সেটি একটু ভদ্রস্থ করার সুযোগ থাকলে আজই করে নেওয়া যায়। তবে হ্যাঁ, রানরেট নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। ম্যাচ পরিস্থিতিতে যদি সুযোগ আসে, তাহলেই সেটি কাজে লাগাতে হবে।তাই আমার ফর্মুলা, আগে ব্যাটিং করলে বড় রান করো, তারপর হল্যান্ডকে অল্পতে বেঁধে ফেলো। এমনটা হলে খুবই ভালো। না হলেও যে ক্ষতি হবে এমন নয়—জয়টাই আসল।