শাহরিয়ার নাফীসের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ঠিক নিজের মধ্যে ছিলেন না শাহরিয়ার নাফীস। ক্রিকেটের মাঠে ব্যাট হাতে যে শাহরিয়ার নাফীসকে দেখা যেত, তা ছিল অতীতের নাফীসের ছায়াবিশেষ কেউ। দেশের হয়ে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলে আর সুযোগ পাননি টি-টোয়েন্টি দলে, ওয়ানডে দলের সুযোগটা হাতছাড়া হয়েছে কিছুদিন আগে। টেস্ট দলে কোনোমতে জায়গাটা ধরে রাখলেও তিনি ছিলেন যেকোনো সময় বাদ পড়ার সম্ভাব্য তালিকার শীর্ষেই। সম্প্রতি নিজের প্রতিভার চূড়ান্ত অবমাননা দেখেছিলেন সদ্য শুরু প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগে নিজের দল ‘দক্ষিণাঞ্চল’ থেকে বাদ পড়ে। শাহরিয়ার নাফীস তাহলে ঘরোয়া ক্রিকেটেও যোগ্য ছিলেন না! সবকিছুরই জবাবটা দিয়ে দিলেন নাফীস আজ খুলনায় ব্যাট হাতে। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়ে উন্মাতাল বানিয়ে দিলেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে। এই সেঞ্চুরিটি যেন নাফীসের নিজেকে আবার ফিরে পাওয়া। জবাব দেওয়া, নিজের সব অক্ষমতাকে। মুখ বন্ধ করা, সব নিন্দুকের। ‘শাহরিয়ার নাফীস শেষ’—এই ফিসফাসেরও যবনিকাপাত যেন আজ বিপিএলে শাহরিয়ার নাফীসের এই সেঞ্চুরিটি।শাহরিয়ার নাফীসকে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দিয়ে দিলে অবশ্য একটু অন্যায়ই হয়ে যায়। শাহরিয়ারকে এই কৃতিত্বের অধিকারী বললে ‘গোস্বা’ হতে পারে আলোক কাপালি নামে ‘নিজেকে হারিয়ে খোঁজা’ আরেক বাংলাদেশি ক্রিকেট-প্রতিভারও। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যে তিনিই। তাঁর সেঞ্চুরিটি এসেছিল নিষিদ্ধ আয়োজন আইসিএলের (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) কোনো একটি ম্যাচে। কিন্তু কাপালিকে ওই সেঞ্চুরিটি ভুলে যেতেই হচ্ছে। কারণ, অধুনালুপ্ত আইসিএলের কোনো চিহ্নই যে স্বীকৃত রেকর্ড বইয়ে নেই।শাহরিয়ার নাফীস এই আইসিএলের কথা শুনলে খেপে যেতে পারেন। খেপবেন নাই বা কেন! এই আইসিএলই যেন নিজের ক্রিকেট ক্যারিয়ারে সেমিকোলন বসিয়ে দিয়েছিল বড় দীর্ঘ সময়ের জন্য। ২০০৮ সালে জাতীয় দলে নিয়মিত থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত আইসিএলে গিয়ে বহিষ্কৃত হয়েই তাঁর পতনের শুরু। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর যে নাফীসকে পাওয়া গেল, তার সঙ্গে আগের নাফীসের যেন কোনো সাদৃশ্যই আর অবশিষ্ট ছিল না। অথচ কী দুর্দান্ত ঢংয়েই না নাফীস শুরু করেছিলেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০০৫ সালে ইংল্যান্ড সফরে সুযোগ পান। টেস্ট সিরিজে বসেই ছিলেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত ন্যাটওয়েস্ট সিরিজে তাঁর অভিষেক। অভিষেক তাঁর অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে ওপেনিংয়ে নেমে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। ম্যাকগ্রা, গিলেস্পি, ব্রেট লি, শেন ওয়ার্নদের বল তুলোধুনো করা সেই ইনিংসে বাংলাদেশ চিনেছিল এক নতুন প্রতিভাকে। ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার মহাপরাক্রমশালী দলের বিপক্ষে টেস্টে তাঁর ১৩৮ রানের ইনিংসটিও তো তাঁর অনন্য প্রতিভারই আরেক স্বীকৃতি। ওই বছরই এক বর্ষ পঞ্জিকায় দেশের পক্ষে হাজার রান করার স্মৃতিও আজ নিজের অসাধারণ শতকে যেন উসকে দিলেন শাহরিয়ার নাফীস।গত বিপিএলে বরিশালের আইকন ক্রিকেটার ছিলেন তিনি। সে সূত্রে বরিশাল ফ্র্যাঞ্চাইজি বার্নার্সের পক্ষে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারও ছিলেন তিনি। অথচ ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স ছিল তথৈবচ। সাকিব, আশরাফুল, তামিম, মুশফিকুর ও অলোক কাপালির মতো আইকনদের পাশে তিনি ছিলেন বড় বেশি ম্রিয়মাণ। বলতে গেলে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল তাঁরই। এবার দল বদলে খুলনায় গিয়ে বদলে গেলেন। বদলানোর ইঙ্গিতটা দিচ্ছিলেন, তবে আজ যেন রণহুংকার ছেড়ে সেই বদলকে ত্বরান্বিত করলেন এই বামহাতি ব্যাটসম্যান।বিপিএলেও প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। এই জায়গায় অবশ্য তাঁর কৃতিত্বে ভাগ বসাতে আসছে না কেউই। তাঁর ১০৬ রানের ইনিংসটি বিপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ। এর আগে বিপিএলে সর্বোচ্চ রানের ইনিংস খেলা বাংলাদেশি ছিলেন জুনায়েদ সিদ্দিকী। তাঁর ৮৯ রানের ইনিংসটিকে ছাপিয়ে নাফীস নিজেকে নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়, যে উচ্চতায় নাফীসের মতো ক্রিকেটারের ওঠাটা অস্বাভাবিক কিছুই নয়।