শাহরিয়ার-বিতর্ক শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাৎক্ষণিক একটা শাস্তি তো হয়েই গেছে। সেই শাস্তি পাওয়ার এক মাস পর আজ শুনানি হচ্ছে ভারত সফরে শাহরিয়ার নাফীসের ‘অসদাচরণের’ অভিযোগের। ‘এ’ দলের কোচ, ম্যানেজার, দলের সঙ্গে থাকা নির্বাচককেও তলব করা হয়েছে শুনানিতে। বিসিবির শৃঙ্খলা কমিটি সবার সঙ্গে আলাদা কথা বলে নির্ধারণ করবে শাহরিয়ারের ভবিষ্যৎ। গত জুলাই-আগস্টে ভারত সফর নিয়ে কোচ স্টুয়ার্ট বার্নস ও ম্যানেজার আজহার হোসেনের প্রতিবেদন বিসিবিতে জমা পড়েছে। মতামত জানিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদীনও। সূত্র জানিয়েছে, সবার প্রতিবেদনেই কর্ণাটক কোল্টস একাদশের বিপক্ষে ম্যাচে শাহরিয়ারের বিপক্ষে অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে। দেশে ফিরে এ ব্যাপারে সংবাদমাধ্যমে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো কোচ স্টুয়ার্ট বার্নসের প্রতিবেদনে নাকি বলা হয়েছে, আউট হওয়ার পর শাহরিয়ারের শরীরী ভাষা ও আচরণ অধিনায়কসুলভ ছিল না।কোচ ও ম্যানেজার প্রতিবেদন জমা দিয়েছেন দল দেশে ফেরার অনেক পরে। ভারত সফর শেষে দুজনের বাংলাদেশের বাইরে চলে যাওয়াটাই নাকি কারণ। শাহরিয়ারের ভাগ্যও তাই ঝুলে থাকল এক মাস। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে ‘এ’ দলের আসন্ন সিরিজের প্রাথমিক দলেও রাখা হয়নি সর্বশেষ সফরের অধিনায়ককে।শাহরিয়ার নাফীসকে দেশে ফেরত পাঠানোর মতো কঠোর সিদ্ধান্ত নিয়ে এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তো অবস্থান পরিষ্কারই করে দিয়েছে। তবে ‘এ’ দলের ক্রিকেটারদের বেশির ভাগই এটিকে ‘লঘু পাপে গুরু দন্ড’ মনে করেন। নাম প্রকাশ না করার শর্তে ভারত সফরের দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারই বলেছেন, দেশে ফেরত পাঠানোর মতো গুরুতর অপরাধ করেননি শাহরিয়ার। অনেকে তো এটাকে অপরাধ বলতেই নারাজ! দলের এক ক্রিকেটার বলেছেন, ‘এটা এত বড় কোনো ঘটনা ছিল না। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে সব খেলোয়াড়ই মাঠের বাইরে এসে ক্ষোভ প্রকাশ করে। শাহরিয়ারও তাই করেছে। অধিনায়ক হওয়ার পরও তাকে যে শাস্তি দেওয়া হলো, তার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না।’শাহরিয়ারের বিরুদ্ধে অভিযোগ, কোল্টসের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সঙ্গে তিনি অশোভন আচরণ করেছেন। মাঠের বাইরে এসেও গালাগাল দিয়েছেন। খেলোয়াড়দের বসার জায়গা মাঠের পাশে হওয়ায় তাঁর এই আচরণ নাকি সবাই দেখেছে। আরেকটা অভিযোগ, ভারতে যাওয়ার আগে খুলনায় প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েও নাকি কোচ স্টুয়ার্ট বার্নসের সঙ্গে অসদাচরণ করেছেন।এ ব্যাপারে দলের ওই ক্রিকেটারের ব্যাখ্যা, ‘খুলনায় প্র্যাকটিস ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ায় ট্রেনার আমাদের রানিং করতে বলেন। রানিং শেষ করার পর বলা হয়, আমরা নাকি ঠিকভাবে দৌড়াইনি। আরও একবার রানিং করতে হবে। তখন রাগের বশে কোচ যতটুকু দৌড়াতে বলেছিলেন, আমরা তার চেয়ে বেশি দৌড়াই। কোচ হয়তো সেটাতেই খেপেছেন। তবে ওই সময় শাহরিয়ারকে তিনি বলেছিলেন, তোমার নেতৃত্বগুণ তো খুব ভালো।’দলের আরেক ক্রিকেটার তুলেছেন যৌক্তিক প্রশ্ন, ‘এ রকম হলে তো অনেককেই শাস্তি পেতে হবে। ভুল আউট হলে কে না ক্ষোভ প্রকাশ করে! আর ওই ঘটনার জন্য তো ম্যাচ রেফারিও তাকে কোনো শাস্তি দেননি।’শাহরিয়ারের ঘটনায় তিলকে তাল করা হয়ে থাকতে পারে, এমন অনুমান বিসিবিতেও আছে। ‘হয়তো শাহরিয়ার একটু বাড়াবাড়ি করেছে। একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তও বাড়াবাড়ি ছিল। যদি সে অপরাধ করেই থাকে, আমার মনে হয় বিকল্প কোনো সিদ্ধান্তও হতে পারত’—বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক। শাহরিয়ারকে নিয়ে বিতর্কের উপসংহারও লুকিয়ে থাকতে পারে এই মন্তব্যে। আজকের শুনানিটা হয়তো করাই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজে শাহরিয়ারকে ফেরাতে। প্রধান নির্বাচক আকরাম খানের কথায়ও আছে সে আভাস, ‘দল ঘোষণার আগে আমরা শাহরিয়ারের শুনানির জন্য অপেক্ষা করছি।’