শাহরিয়ারকে ছাড়াই ‘এ’ দল
ভারত সফরে গিয়েছিলেন অধিনায়ক হিসেবে। সফর শেষের আগেই ফেরত পাঠানো হলো শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। এবার ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স স্কোয়াডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডেও জায়গা হলো না শাহরিয়ার নাফীসের। প্রাথমিক দলে থাকা ১৮ জনকে ৩১ আগস্ট সকাল সাড়ে আটটায় মিরপুর স্টেডিয়ামে কোচ স্টুয়ার্ট বার্নসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ১২ সেপ্টেম্বর ঢাকায় আসছে ক্যারিবিয়ান দলটি। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলবে একটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। আর একটি চার দিনের ম্যাচ খেলবে একাডেমি দলের বিপক্ষে।শাহরিয়ারকে রাখা হয়নি আসলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগটার সুরাহা না হওয়ায়। সফর শেষে শাহরিয়ারের ঘটনা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন কোচ বার্নস ও দলের সঙ্গে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন। কিন্তু সফর থেকে ফিরেই ছুটিতে গেছেন বার্নস। ম্যানেজার আজহার হোসেনও দেশের বাইরে। তাই কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। কোচ-ম্যানেজারের ফেরার কথা এ মাসেই। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন আবার চলে যাচ্ছেন দেশের বাইরে। এই সিরিজের আগে তাই শাহরিয়ারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কমই।প্রাথমিক ‘এ’ দল: নাসিরউদ্দিন ফারুক, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, শামসুর রহমান, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, মিঠুন আলী, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, সাকলাইন সজীব, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, ডলার মাহমুদ, তাসকিন আহমেদ, ধীমান ঘোষ।