শাহরিয়ারকে নিয়ে ১৪ সদস্যের ‘এ’ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ম্যাচের অনুশীলন। একাডেমি মাঠে ব্যাটসম্যানদের জন্য তাই নিয়ম ছিল, ওপরে শট খেলা যাবে না। খেললে আউট। পেসার শাহাদাত হোসেনের করা বুকের ওপর উঠে আসা একটা বলে তাই স্বভাবসুলভ পুল না করে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন শাহরিয়ার নাফীস। জোরে আসা বল ব্যাটের কানায় লেগে আঘাত করল কাঁধ আর গলার স্পর্শকাতর অংশে। আঘাতের একটু পরই শাহরিয়ার জ্ঞান হারালেন।ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য রকিবুল হাসানকে অধিনায়ক করে ১৪ সদস্যের দলটা গতকাল ঘোষিত হলেও ভারত সফরে আম্পায়ারের বিরুদ্ধে বিষোদ্গার করে বিতর্কের জন্ম দেওয়া শাহরিয়ার অনুশীলনে যোগ দেন ১৬ সেপ্টেম্বর। আঘাতও পেলেন সেদিনই এবং সেটা এতই গুরুতর ছিল যে জ্ঞান ফিরেই একটু পরপর অচেতন হয়ে যাচ্ছিলেন শাহরিয়ার। অন্তত বার চারেক হয়েছে জ্ঞান হারানো আর জ্ঞান ফেরার এই পর্ব। তবে কাল এমআরআই করার পর বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, ‘স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। বড় কোনো সমস্যা নেই।’ কাল আবার অনুশীলনে ফিরে শাহরিয়ারও বললেন, ‘মাথায় সামান্য ব্যথা থাকলেও সেটা ঠিক হয়ে যাবে আশা করি। আজ (গতকাল) ব্যাটিং করলাম। কোনো সমস্যা হয়নি।’শাহরিয়ারের সময়টাই খারাপ যাচ্ছে আসলে। আম্পায়ারকে গালাগাল করার অভিযোগে গত মাসে ভারত সফর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল তাঁকে। বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে ভুল স্বীকার করার পর ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার শর্তে ফিরলেন কাল ঘোষিত ‘এ’ দলে। তবে কপাল পুড়েছে শুভাগত হোম চৌধুরীর। শেষ মুহূর্তে কুঁচকির ইনজুরিতে পড়ায় দলে নেই এই ব্যাটসম্যান ও অফ স্পিনার। ইনজুরি বেশ গুরুতর। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, মাস দেড়েক মাঠের বাইরে থাকতে হতে পারে শুভাগতকে।বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল তাদের দ্বিতীয় চার দিনের ম্যাচটি খেলবে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। ২২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই ম্যাচ দিয়েও খেলায় ফেরা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। গত ফেব্রুয়ারির বিপিএলে এক ম্যাচ খেলেই মাঠের বাইরে চলে গিয়েছিলেন কাঁধের ইনজুরির কারণে। মাস চারেক আগে অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করে এলেও পুনর্বাসনপ্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। ‘এ’ দলের অনুশীলনে বল করতে পারছেন, তবে ফিল্ডিংয়ের সময় থ্রো করতে সমস্যা হচ্ছে। নির্বাচক কমিটি সূত্রে জানা গেছে, পুরোপুরি ফিট নন বলেই ‘এ’ দলে নেই রুবেল। রুবেলও বলেছেন, ‘এত বড় একটা ইনজুরির পর চার দিনের ম্যাচ দিয়ে মাঠে ফেরাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত। এখনো ঠিকভাবে থ্রো করতে পারছি না।’বাংলাদেশ ‘এ’ দল: রকিবুল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস (সহ-অধিনায়ক), শাহরিয়ার নাফীস, নাসিরুদ্দিন ফারুক, আনামুল হক, মমিনুল হক, নাঈম ইসলাম, ফরহাদ হোসেন, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, কামরুল ইসলাম (রাব্বি), এনামুল হক জুনিয়র, সাকলাইন সজীব ও ধীমান ঘোষ।