শাহরিয়ারদের লক্ষ্য ফাইনাল
ইনজুরির ছোট্ট একটা ধাক্কা লেগেছে শেষ মুহূর্তে। তার পরও অধিনায়ক শাহরিয়ার নাফীস আত্মবিশ্বাসী। বেঙ্গালুরু ও মহীশূরে অনুষ্ঠেয় শাফী দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই আজ সকালে ভারতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস ও বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। এ ছাড়া ‘বি’ গ্রুপের চার দল হলো কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি একাদশ, মুম্বাই, রাজস্থান ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ।ভারতে যাওয়ার এক দিন আগে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেছেন পেসার কাজী কামরুল ইসলাম। বদলি হিসেবে নেওয়া হয়েছে পেসার রবিউল ইসলামকে। কামরুলের জন্য আফসোস থাকলেও রবিউলেও আস্থা রাখছেন শাহরিয়ার। ২৭ জুলাই বেঙ্গালুরুতে বারোদার সঙ্গে ম্যাচ দিয়ে বাংলাদেশ ‘এ’ দল শুরু করবে চার দিনের ম্যাচের এই টুর্নামেন্ট। ১ আগস্ট থেকে কর্ণাটক রাজ্য দল এবং ৬ আগস্ট থেকে খেলা কোল্টসের বিপক্ষে। বেঙ্গালুরুতেই ফাইনাল শুরু হবে ১১ আগস্ট। বেঙ্গালুরু-মহীশূর দুই জায়গায় টুর্নামেন্ট হলেও বাংলাদেশ ‘এ’ দল সব ম্যাচই খেলবে বেঙ্গালুরুতে।