শাহরিয়াররা দিতে চান অনুপ্রেরণা
প্র্যাকটিস ম্যাচের গুরুত্ব যদি কিছু থেকেই থাকে, সেটা সফরকারীদের কাছেই বেশি। স্বাগতিক যে দ্বিতীয় সারির দলটা প্র্যাকটিস ম্যাচে বিদেশি দলের মুখোমুখি হয়, কারও জন্য দলে সুযোগ পাওয়ার ব্যাপার-স্যাপার না থাকলে এসব ম্যাচ বেশির ভাগ ক্ষেত্রেই তাদের কাছে আনুষ্ঠানিকতার বেশি গুরুত্ব পায় না।ফতুল্লা স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে বিসিবি একাদশ অধিনায়ক শাহরিয়ার নাফীস একটু অন্য রকম কথা শোনালেন। প্রস্তুতি ম্যাচে তাঁরা এমন কিছু করতে চান, যেটা ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রেরণাদায়ী হবে বাংলাদেশ দলের জন্য। ‘অনুশীলনেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা চেষ্টা করব ভালো লড়াই করতে...বলতে পারেন ম্যাচ জেতারই টার্গেট থাকবে। এমন কিছু করতে চাই যেটা সিরিজের আগে জাতীয় দলকে অনুপ্রাণিত করবে’—বলেছেন শাহরিয়ার।ইংল্যান্ডের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ আরও একটা কারণে গুরুত্বপূর্ণ শাহরিয়ারের জন্য। ভারতের বিপক্ষে গত চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা আনন্দের হয়নি। বাদ পড়েছেন নিউজিল্যান্ড সফরের দল থেকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে যদি আবার প্রমাণ করতে পারেন নিজেকে! যদিও শাহরিয়ার বলছেন, ‘এটা আমার জন্য কেবলই আর একটা ম্যাচ।’আজকের ম্যাচের জন্য যে ১৩ সদস্যের দল দিয়েছিলেন নির্বাচকেরা অসুস্থতার জন্য তা থেকে নিজের নাম আগেই কাটিয়ে নিয়েছেন অলক কাপালি। কাল অনুশীলনে এসে শামসুর রহমান জানিয়ে গেছেন, জ্বরে ভোগায় তার পক্ষেও খেলা সম্ভব হবে না। এই দুজনের বিকল্প হিসেবে ডাকা হয়েছে জাতীয় দলের রকিবুল হাসান ও নাঈম ইসলামকে। রকিবুল কাল অনুশীলনে যোগ দিলেও নাঈম আজ সরাসরি ম্যাচ খেলতে নামবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম।ওদিকে অস্ট্রেলিয়া থেকে ফিরে কালই প্রথম প্রধান নির্বাচকের সঙ্গে দেখা করেছেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ খেলার ব্যাপারে মেলবোর্নের বিশেষজ্ঞ চিকিত্সক ডেভিড ইয়াংয়ের ছাড়পত্রের কথা জানিয়েছেন প্রধান নির্বাচককে। জবাবে মিলেছে আশ্বাস। বিসিবি একাদশের হয়ে ২৫ ফেব্রুয়ারির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে মাশরাফিকে। মিরপুর স্টেডিয়ামের জিমনেসিয়ামে সেই প্রস্তুতিটা কাল বিকেল থেকেই শুরু করে দিয়েছেন এই পেসার।