শাহরিয়ারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো এ রকম একটা মঞ্চই খুঁজছিলেন মনে মনে। সাফল্যের পতাকা উড়িয়ে তবেই তুলবেন দাবিটা। জাতীয় লিগের ফাইনালে কাল ঢাকার কাছে হেরে যাওয়ায় চূড়ান্ত সাফল্য পেল না বরিশাল। তবে দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস সুযোগটা নিলেন।ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়ে বরিশালের ক্রিকেটের দুঃখের কথাটাই শুনিয়েছেন মঞ্চে দাঁড়ানো বিসিবি কর্মকর্তাদের। ওয়ানডেতে আগের বারের চ্যাম্পিয়ন এবং এবারের রানার্সআপ বরিশালের ক্রিকেট অবকাঠামো উন্নয়নেরও দাবি তুলেছেন জোর গলায়। শাহরিয়ার বলেছেন, ‘বরিশালে অনুশীলন-সুবিধা অপ্রতুল। একটা মাঠ তৈরি হলেও এখনো সেটা আমরা হাতে পাইনি। তা ছাড়া এর সঙ্গে অনুশীলন-সুবিধার জন্য একটা ইনডোর করলে আরও ভালো হয়।’বরিশালের ক্রিকেটকে চাঙা করার জন্য সেখানে জাতীয় লিগের ম্যাচ আয়োজনেরও দাবি জানিয়েছেন তিনি বোর্ড কর্মকর্তাদের কাছে। মঞ্চে দাঁড়ানো বিসিবির তিন পরিচালক গাজী গোলাম দস্তগীর, গাজী আশরাফ হোসেন ও জি এস হাসান তামিম শাহরিয়ারের কথায় সায় জানানোর মতো করে মাথা নেড়েছেন মঞ্চে দাঁড়িয়েই। দেখা যাক, বরিশালের ক্রিকেট-সুবিধা কতটা বাড়ে।