শাহরুখ-এমসিএ বিবাদ মিটছে
বলিউড সুপারস্টার শাহরুখ খান ক্ষমা চেয়ে নিয়েছেন। এর ধারাবাহিকতায় মুখোমুখি অবস্থান থেকে সরে এসেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনও (এমসিএ)। শাহরুখের পাঁচ বছরের নিষেধাজ্ঞা এখনো তুলে নেওয়া না হলেও এমসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে শাহরুখের সঙ্গে বিবাদ মেটানোর ব্যবস্থা করা হচ্ছে।আইপিএলের পঞ্চম আসরে এসে শিরোপা জয়ের পর গত রোববার শাহরুখ বলেন, ‘এমসিএতে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি আমি। তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, যাঁরা আমাকে সেদিন ভিন্নভাবে দেখেছেন। আমার ও রকম আচরণ করা ঠিক হয়নি। কিন্তু আজ আমার দল জিতেছে। তাই আমার ধারণা, ভক্তরা ক্ষমা করে দেবেন আমাকে।’এমসিএর প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখ জানিয়েছেন, গতকাল সোমবার নির্বাহী কমিটির বৈঠকে শাহরুখের ক্ষমা চাওয়ার ব্যাপারটি আলোচনায় উঠে আসে। পরে বিষয়টি সমাধানের দায়িত্ব এমসিএ প্রধানের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।দেশমুখ বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে সমস্যাটি মিটিয়ে ফেলতে চাই আমরা। এটাকে ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই।’১৬ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ শেষে বেশ কিছু পরে মাঠে ঢোকা নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলা হয় শাহরুখের। এমসিএর অভিযোগ, নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করেন বলিউড তারকা, এমসি কর্মকর্তাদেরও গালিগালাজ করেন বলে জানা যায়। ঘটনার রাতেই মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করে এমসিএ। এমসিএর কোষাধ্যক্ষ রবি সাবান্ত পরদিন বলেছিলেন, ‘ওয়াংখেড়েতে আজীবন নিষিদ্ধ করা হবে শাহরুখকে।’ তবে আজীবন নয়, ১৮ মে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে এমসি।শাহরুখ ঘটনার শুরু থেকেই বলে আসছিলেন, এ ঘটনার জন্য মোটেও তাঁর ক্ষমা প্রার্থনার প্রশ্নই আসে না। উল্টো এমসিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছিলেন তিনি। সূত্র: পিটিআই।