শাহরুখ খানের নিষেধাজ্ঞায় বিব্রত বিসিসিআই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচ বছরের জন্য প্রবেশাধিকার হারিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। বড় তারকা হলেও অসদাচরণের জন্য যে শাস্তি পেতে হয়, তা বুঝিয়ে দিয়েছে ওয়াংখেড়ের কর্তৃপক্ষ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ নিয়ে এখন জোর গুঞ্জন চলছে। প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞার এই বেড়াজাল কত দিন আটকে রাখতে পারবে শাহরুখের মতো তারকাকে। এ নিয়ে দোলাচলে দুলছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।আজ শনিবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে নিষেধাজ্ঞা নিয়ে সংশয় প্রকাশ করে বলা হয়েছে, বিসিসিআইয়ের সঙ্গে সুসম্পর্কের কারণে হয়তো এই নিষেধাজ্ঞা উঠেও যেতে পারে। উল্টো বরং চাপের মুখে পড়তে হতে পারে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তারা তো আর বিসিসিআইয়ের ওপরে নয়। বিসিসিআইয়ের দেওয়া নির্দেশ আর বরাদ্দ নিয়ে তাদের কাজ করতে হয়।গত বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজ দল কলকাতা নাইট রাইডার্সের খেলা চলাকালে মাঠের নিরাপত্তারক্ষীর সঙ্গে শাহরুখ দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। মুম্বাই ক্রিকেটের কর্মকর্তাদের সঙ্গে এ সময় তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় শাহরুখের বিরুদ্ধে স্থানীয় থানার অভিযোগ দায়ের করা হয়। গুঞ্জন ওঠে, ওই মাঠে প্রবেশের ক্ষেত্রে আজীবন বহিষ্কার হতে পারেন শাহরুখ। পরে পাঁচ বছরের জন্য ওই মাঠে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু বিসিসিআইয়ের কর্মকর্তারা এটিকে ভালোভাবে নেননি বলে আভাস পাওয়া গেছে।২০০৮ সালে আইপিএল চালু হওয়ার সময় শাহরুখ খান নাকি অন্যতম শীর্ষ উত্সাহদাতা ছিলেন বিসিসিআইয়ের। আইপিএলে নিজের একটি দল রাখার লক্ষ্যে অজয় মেহতার সঙ্গে প্রায় ৩০০ কোটি রুপি খরচ করে কিনে নেন কলকাতা নাইট রাইডার্স। এটিকে ক্রিকেট উন্নয়নে বিনিয়োগের অংশ মনে করে বিসিসিআই। শাহরুখ খানের মতো তারকার ঝলমলে উপস্থিতি আইপিএলে ভিন্ন মাত্রা যোগ করেছে, তা অস্বীকার করার জো নেই।শাহরুখ খানের নিষেধাজ্ঞা অন্য দিক দিয়েও চাপের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। তিনি একসঙ্গে একাধিক পণ্যের বিজ্ঞাপন চিত্রের মডেল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এসব পণ্য-উত্পাদনকারী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা অনেক ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের জন্য বড় বিষয়। শাহরুখের নিষেধাজ্ঞার বিষয়ে এসব প্রতিষ্ঠান থেকে বোর্ডের ওপর চাপ আসতে পারে, যার ওজন নেহাত কম হবে না।বিসিসিআইয়ের অর্থ আসার আরেকটি বড় ক্ষেত্র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগেরও অন্যতম অংশীদার শাহরুখ খান। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতের অন্যতম শিল্প গোষ্ঠী সাহারা-ইন্ডিয়া পরিবারের যখন সম্পর্কের টানাপোড়েন চলছিল, এ সময় দুই পক্ষের মধ্যস্থতাকারী হিসেবে ইতিবাচক ভূমিকা রাখেন শাহরুখ। তাঁর ভূমিকার কারণেই বোর্ড একটি বড় পৃষ্ঠপোষক হাতছাড়া হয়ে যাওয়া থেকে রক্ষা পায়।এসব কারণে মুম্বাই ক্রিকেট কর্তৃপক্ষের ওই সিদ্ধান্ত নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম কর্মকর্তা রাজীব শুক্লা বলেন, ‘মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন শাহরুখ খানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের অধিকার থেকেই করেছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে কেবল বিসিসিআইয়েরই।’এদিকে শাহরুখের পাশে এখন প্রভাবশালী রাজনৈতিক নেতারাও এগিয়ে আসছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস শাহরুখের সমর্থনে কথা বলছে। দলের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং শাহরুখের পক্ষ নিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।