শাহরুখের সৌরভ-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলীর মধ্যে যে খুব ভালো বন্ধুত্ব, সে কথা বলা যাবে না। কিন্তু বলিউডের বাদশা ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করেন সৌরভ গাঙ্গুলীকে। আজ শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে গাঙ্গুলীর ভূয়সী প্রশংসা করেন শাহরুখ। কলকাতা নাইট রাইডার্সের দল গঠনে দাদার অনেক অবদান ছিল বলে মন্তব্য করেছেন বলিউডের এই তারকা। মাঠে না খেলতে পারলেও গাঙ্গুলী এখন নতুনভাবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলেছিলেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু ২০১১ সালে তাঁর সঙ্গে নতুনভাবে কোনো চুক্তি করেনি শাহরুখের নাইট রাইডার্স। ফলে সৌরভ গাঙ্গুলী যোগ দিয়েছিলেন পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে। সে সময় গাঙ্গুলীর সঙ্গে শাহরুখ খানের সম্পর্কের টানাপোড়েন নিয়েও কথা উঠেছিল ভারতীয় গণমাধ্যমে। তবে এখন গাঙ্গুলীকে নিজের আদর্শ বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘নিঃসন্দেহে সৌরভ গাঙ্গুলী এ দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। আমরা কোনো কিছু দিয়েই সেটা অস্বীকার করতে পারব না। আমি তাঁকে খুবই পছন্দ করি। গাঙ্গুলী আমার কাছে একজন সত্যিকারের নায়ক। তাঁকে সঙ্গে নিয়েই আমরা দল গড়েছিলাম। কিন্তু পরিবেশ-পরিস্থিতির কারণে কয়েক বছর আগে যেটা হয়েছে, সেটা দুঃখজনক। তিনি আর আমাদের হয়ে খেলেননি। কিন্তু আমি তাঁকে সব সময়ই শ্রদ্ধা করি। ভাইয়ের মতো ভালোবাসি। এখন যদি তাঁর অবসর থাকে, তাহলে আমরা অবশ্যই তাঁকে আমন্ত্রণ জানাব আমাদের খেলা দেখার জন্য; পরের বছর যখন ইডেনে খেলা হবে, তখন আমাদের ছেলেদের উত্সাহ দেওয়ার জন্য। আমি তাঁকে শুভকামনা জানাচ্ছি।’ টাইমস অব ইন্ডিয়া।