শাহাদাতের কাণ্ডে বিব্রত বিসিবি

জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী নিত্যর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তাতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে ওর কাছে এটা প্রত্যাশিত নয়। এটা বিব্রতকর ইস্যু। এ ধরনের কাজে আমরা বিব্রত।’
রাজধানীর কালশী এলাকা থেকে গতকাল রোববার রাতে হ্যাপি (১১) নামের এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানার পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। মেয়েটি পুলিশকে জানিয়েছে, সে ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করে। এ ঘটনায় শাহাদাত ও তাঁর স্ত্রী নিত্যর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়েছে।
শাহাদাত ও তাঁর স্ত্রী আসলেই গৃহকর্মীটিকে নির্যাতন করেছেন কি না, তা এখনো প্রমাণিত হয়নি। নির্যাতনের কথা অস্বীকার করেছেন শাহাদাতও। তাঁর দাবি, হ্যাপি পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন হ্যাপি পুলিশকে জানিয়েছে, ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীই নির্যাতন করেছেন। এ ব্যাপারে পুলিশ একটি মামলা করেছে। অভিযুক্তদের ধরতে শাহাদাতের বাসায় গিয়েও তাঁদের দুজনকে বাসায় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শাহাদাতকে বিসিবি কোনো ধরনের সহায়তা দেবে কি না, এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘শাহাদাতের সঙ্গে এখনো বিসিবির যোগাযোগ হয়নি। শাহাদাতকে সমর্থন বা সহায়তা করার বিষয় না। আগে তাঁর কাছ থেকে বক্তব্যটা জানতে হবে।’
বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট ও ৫১টি ওয়ানডে খেলা ক্রিকেটারের এই ঘটনায় বাংলাদেশের খেলোয়াড় সম্পর্কে বিশ্বের কাছে বাজে বার্তা যাচ্ছে বলেও মনে করেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘এটা শুধু ওর ভাবমূর্তি না বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় সম্পর্কে বাজে বার্তা যাচ্ছে। সবার মাঝে যেন এই বোধটা থাকে। খেলোয়াড়দের কাছে এটা আমাদের কাম্য। শুধু শাহাদাত নয়, সবার কাছে। যেকোনো অপ্রয়োজনীয় অবস্থায় যেন তারা না পড়ে। সে একটা দেশকে প্রতিনিধিত্ব করছে। মাশরাফি সাকিবদের সঙ্গে একই দলে খেলে শাহাদাত। পার্থক্য খুব একটা নেই, সবাই তো জাতীয় ক্রিকেটার।’
শাহাদাতের এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বার্তা সংস্থা এএফপিতে। সেখানে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গতকাল রোববার রাতেই শাহাদাতের বাড়িতে পুলিশের অভিযান চালানো হয়। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। তবে পুলিশ তাঁদের দুজনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে। প্রতিবেদনটির শেষে উল্লেখ করা হয়, গৃহকর্মী নির্যাতনের এমন ঘটনা দক্ষিণ এশিয়ায় হরহামেশাই ঘটে। বার্তা সংস্থাটির বরাতে খবরটি এরই মধ্যে আন্তর্জাতিক মাধ্যমেও পৌঁছে গেছে।