শাহাদাতের বাউন্সারে দেয়ালে চিড়
যেভাবে খেলার কথা, খেলেছিলেন সেভাবেই। শাহাদাত হোসেনের শর্ট বলটিতে ‘ডাক’ করেছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু বলটি অপ্রত্যাশিতভাবে নিচু হয়ে লাগল দ্রাবিড়ের বাঁ গালের ওপরের ফেস গার্ডে। এমনিতে সহজে হাল ছাড়ার পাত্র দ্রাবিড় নন, কিন্তু সঙ্গে সঙ্গে মাঠ ছাড়া দেখেই বোঝা গিয়েছিল আঘাতটা হালকা নয়। শেষ পর্যন্ত হলোও তাই, চিড় ধরেছে ‘দেয়ালে’। ভারতের ম্যানেজার আরশাদ আউয়ুব কাল রাতে জানালেন, এক্স-রে রিপোর্টে ছোট্ট একটা চিড় ধরা পড়েছে দ্রাবিড়ের মুখের হাড়ে। কাল রাতটা হাসপাতালেই কাটাতে হয়েছে তাঁকে, আজ সকালে আরেক দফা পরীক্ষার পর জানা যাবে কত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে বা আদৌ হবে কি না। তবে ঢাকা টেস্টে তাঁকে আর দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।ফিল্ডিংয়ের সময় কবজিতে চোট লাগায় কাল ব্যাটিং করেননি যুবরাজ সিং। হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকেও। রিপোর্টই নিশ্চিত করবে তিনি আজ ব্যাটিং করতে পারবেন কি না।