শায়াককে গোপনে বিয়ে করেছেন রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইরিনা শায়াক ও ক্রিস্টিয়ানো রোনালদো
ফিফা ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইরিনা শায়াক ও ক্রিস্টিয়ানো রোনালদো

ইরিনা শায়াকই ব্যতিক্রম। না হলে ভ্রমর-স্বভাবের ক্রিস্টিয়ানো রোনালদো এত দিন একজনের সঙ্গে মনের লেনা-দেনা করেননি। শায়াকের আগে তাঁর প্রেমিকার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়েছে। তবে শায়াকের মধ্যেই যেন স্বপ্নের রাজকুমারীর দেখা পেয়েছেন তিনি। এখন তো গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রণয়টাকে রোনালদো এরই মধ্যে পরিণয়ে রূপ দিয়েছেন। গোপনে বিয়ে করে ফেলেছেন এই দুজন!

বিয়েটা গত জুলাইয়েই সেরে ফেলার কথা ছিল। এ ব্যাপারে একদম পাকা খবরই মিলেছিল রোনালদোর কাছের এক সূত্রের কাছ থেকে। কিন্তু এরপর এ ব্যাপারে আর কিছু শোনা যায়নি। তবে নতুন করে রোনালদোর বিয়ের গুঞ্জন উসকে যাওয়ার কারণ তিনি নিজেই। গত সোমবার ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার গ্রহণ করার পর ধন্যবাদ বক্তৃতায় রোনালদো শায়াককে নিজের প্রেমিকা নয়, পরিচয় করিয়ে দিয়েছেন ‘স্ত্রী’ হিসেবে।

সেই বক্তৃতায় রোনালদো বলেন, ‘সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থদের। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভবই হতো না। আমি খুবই খুশি। এই পুরস্কার জেতা সত্যিই ভীষণ কঠিন। আমার ব্যক্তিগত জীবনে জড়িয়ে আছে এমন মানুষদেরও ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী, আমার বন্ধুরা, আমার ছেলে। এটা সত্যিই ভীষণ আবেগের মুহূর্ত।’

শায়াককে ভুল করে ‘স্ত্রী’ বলেছেন, নাকি সত্যি সত্যিই বিয়েটা সেরে ফেলেছেন—এই উত্তর তো রোনালদোই সবচেয়ে ভালো দিতে পারবেন।