শিকার এবার সেরেনা
তর্কটা তুলে দিলেন সেরেনা উইলিয়ামস। তর্কটা তুললেন হেরে গিয়ে। অঘটনের উইম্বলডনে আরেকটি অঘটনের শিকার হয়ে কাল বিদায় নিয়েছেন বিশ্বসেরা নারী খেলোয়াড়। চতুর্থ রাউন্ডে জার্মানির সাবিনা লিসিকির কাছে ৬-২, ১-৬, ৬-৪ গেমে হেরেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। অঘটনের এই মচ্ছবে, নক্ষত্রপতনের ঘনঘটায় কোনটি বড় অঘটন? সেরেনার হার, ফেদেরারের বিদায় নাকি নাদালের পত্রপাঠ বিদায়? উইম্বলডনে ফেদেরারের রেকর্ড, টানা ৩৬টি গ্র্যান্ড স্লামে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা। ইউক্রেনিয়ান সের্গেই স্তাখোভস্কির কাছে ফেদেরারের হারটাকেই হয়তো অনেকে সবার ওপরে রাখবেন। তবে ভুললে চলবে না গত বছর ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে ভার্জিনি রাদজানোর কাছে হারের পর থেকে ৮০ ম্যাচে খেলে ৭৭টিতেই জিতেছেন সেরেনা। জিতেছেন গত বছরের উইম্বলডন, ইউএস ওপেন, এবারের ফ্রেঞ্চ ওপেন। লন্ডন অলিম্পিকের সোনাটাও নিজের গলায় উঠিয়েছেন ১৬ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই আমেরিকান। এবার প্রথম তিন ম্যাচে মাত্র ১১টি গেম হারা ৩১ বছর বয়সী সেরেনা টানা ৩৪তম ম্যাচ জিতেই নিশ্চিত করেছিলেন শেষ ষোলো। অন্য কোথাও যা-ই হোক না কেন উইম্বলডনে এলেই যেন অন্য এক লিসিকি। ২৩ বছর বয়সী এই তরুণী উইম্বলডনের বাইরে খেলা ১৬টি গ্র্যান্ড স্লামের কোনোটিতেই পেরোতে পারেননি চতুর্থ রাউন্ড। কিন্তু উইম্বলডনে পাঁচবার খেলে চারবারই কোয়ার্টার ফাইনালে উঠলেন এই জার্মান। সেরেনা-বধের পর আনন্দে কেঁদেকেটে একাকার হয়েই প্রকাশ করলেন অনুভূতি, ‘আমি এতটাই খুশি যে আমি এখনো কাঁপছি। সে (সেরেনা) কঠিন এক প্রতিপক্ষ। তাই জয়ের অনুভূতিটাও অদ্ভুত।’এদিকে ছেলেদের বিভাগে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের কারও সেমিফাইনাল খেলা। কাল নিজ নিজ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন ইয়ার্জি ইয়ানোভিচ ও বিশ্বের ১৩০ নম্বর খেলোয়াড় উকাশ কুবোত। ১৯৮০ সালের পর এবারই শেষ আটে উঠলেন কোনো পোলিশ। কুবোত পাঁচ সেটের এক ম্যাচে হারিয়েছেন তাঁর মতোই সেরা এক শর বাইরে থাকা ফরাসি আদ্রিয়ান মানারিনোকে। টানা সপ্তমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ আটে উঠেছেন চতুর্থ বাছাই ডেভিড ফেরারও। এএফপি।