শিকার ও শিকারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুর আগে টেস্ট ক্রিকেটের সর্বশেষ হ্যাটট্রিকটির কথা নিশ্চয়ই ভোলেননি স্টুয়ার্ট ব্রড। গত অ্যাশেজের প্রথম টেস্টে ব্রডকে এলবিডব্লু করেই হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন পিটার সিডল। সেই ব্রডই এবার মাতলেন হ্যাটট্রিকের আনন্দে। শিকারি ও শিকার—টেস্ট হ্যাটট্রিকে এমন অম্ল-মধুর অভিজ্ঞতা ব্রড ছাড়া আছে আর মাত্র তিনজনের। সবার আগে এই স্বাদ পেয়েছিলেন ব্রডের এক পূর্বসূরি। ১৯৯৪-৯৫ অ্যাশেজে হ্যাটট্রিকের পথে শেন ওয়ার্নের দ্বিতীয় শিকার ছিলেন ড্যারেন গফ। সেই গফই আবার হ্যাটট্রিক করেন ১৯৯৮-৯৯ অ্যাশেজে। গফের শিকারি ওয়ার্নকে আউট করেই আবার ২০০১ সালে কলকাতায় হ্যাটট্রিক পূর্ণ হয়েছিল হরভজন সিংয়ের। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে নিজের প্রথম তিন বলেই উইকেট পেয়েছিলেন নুয়ান জয়সা। ২০০২ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যাটট্রিকের পথে ওই জয়সাই ছিলেন আবার মোহাম্মদ সামির দ্বিতীয় শিকার।