শিকারি ইব্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে বল পেতে ওঁত পেতে থাকেন। বন্দুক নিয়ে শিকারের জন্য উদগ্রীব থাকতেও পছন্দ তাঁর। এই মুহূর্তে প্রথম কাজটা করতে হচ্ছে না, জ্লাতান ইব্রাহিমোভিচ তাই বুঁদ আছেন পরেরটিতে। বড়দিনের ছুটিতে বুটজোড়া তুলে রেখে পিএসজি স্ট্রাইকার চলে গেছেন জন্মভূমি সুইডেনে। পরশু একটি সুইডিশ দৈনিক তাদের প্রথম পাতায় বড় করে খবর ছাপল, ৫০০ কেজি ওজনের প্রকাণ্ড একটা বন্য হরিণকে এক গুলিতেই নাকি ধরাশায়ী করেছেন ইব্রা! গুলিটা সোজাসুজি হরিণটার হৃৎপিণ্ড ফুটো করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা পছন্দ হয়নি সুইডেনের প্রাণী অধিকার রক্ষার সংগঠনের প্রধান ক্যামিলা জর্কবমের। বিখ্যাত ব্যক্তিরা এসব কাজ করায় ভীষণ হতাশ জর্কবম। সমস্যা হচ্ছে, ইব্রার শিকারের লাইসেন্স আছে। আইনত অবৈধ কিছু করেননি। শিকারের নেশাটা তাঁর অনেক পুরোনো, এই বছর একটা বিজ্ঞাপনেও ছিলেন শিকারির বেশে। গার্ডিয়ান।