শিকড়ে ফেরার চেষ্টা করছে ব্রাজিল: মেনেজেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে কখনোই ফুটবলে সোনার পদক জেতেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলের এই পরাশক্তির জন্য এ এক বিব্রতকর ব্যাপারই। হোক না, অলিম্পিক অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের প্রতিযোগিতা। পৃথিবীর সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের ‘সোনার হরিণ’ শ্রেষ্ঠত্ব তাই এই মুহূর্তে ব্রাজিলীয়দের কাছে জীবন-মরণই। বিশ্বকাপ-ব্যর্থতায় কোচ দুঙ্গার বিদায়ের পর দায়িত্ব নেওয়া মানো মেনেজেস অলিম্পিকে ব্রাজিল ফুটবল দলকে নিয়ে যাচ্ছেন এক কঠিন চ্যালেঞ্জ পূরণের লক্ষ্যেই। এই চ্যালেঞ্জ একাধারে অলিম্পিকে ফুটবল শ্রেষ্ঠত্বের তালিকায় নিজেদের নাম তোলা, একই সঙ্গে ২০১৪ সালে নিজেদের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল তৈরি করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ব্রাজিল-বস’ কি একটু চাপে আছেন? বিশ্বখ্যাত ফুটবল সাময়িকী ‘ওয়ার্ল্ড সকার’ তাদের জুলাই সংখ্যায় মেনেজেসের মুখোমুখি হয়ে খুঁজে নিতে চেয়েছে সেই প্রশ্নের উত্তর। প্রথম আলো ডটকমের পাঠকদের জন্য সাক্ষাত্কারটি তুলে ধরা হলো।প্রশ্ন: আপনি ২০১০ সালের জুলাই মাসে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন। এ পর্যন্ত আপনার অধীনে ব্রাজিলের পারফরম্যান্সের কেমন মূল্যায়ন করবেন?মেনেজেস: এই প্রশ্নের উত্তর আমাকে বেশ সতর্কতার সঙ্গেই দিতে হবে। আমার দল আমার অধীনে যা খেলেছে, তাতে অবশ্য আমি অসন্তুষ্ট নই। তবে আপনি যদি কেবল কাগজে-কলমে খেলার ফলাফলের দিকে তাকান, তাহলে দেখবেন এই সময়ে আমরা আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দলের কাছে হেরেছি। শুধু ম্যাচের ফলাফলের দিকে তাকালে আসল ব্যাপারটি কিন্তু ঢাকা পড়ে যাবে। বিশ্বকাপের পর কিন্তু আমরা দলে বড় ধরনের পরিবর্তন এনেছি। পুরো দলই নতুন। নবীন ও অনভিজ্ঞ খেলোয়াড়দের দিয়ে গড়া দল এ ধরনের ফলাফল করবে, এমনটাই স্বাভাবিক। তবে এটা ঠিক, এই নবীন ও অনভিজ্ঞ খেলোয়াড়দের গড়ে তুলেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।প্রশ্ন: দলে এই পরিবর্তন কি ঘরের মাঠে আগামী বিশ্বকাপে দলের ওপর ভয়াবহ চাপ তৈরি করছে না, যেখানে ঘরের মাঠের বিশ্বকাপে ব্রাজিলের কাছ থেকে সবাই ভালো কিছুর প্রত্যাশা করছে...মেনেজেস: অবশ্যই চাপ তৈরি করেছে। বিশেষ করে আমরা যখন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছি। তবে খেলোয়াড়দের কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামিয়ে দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এটাই একমাত্র উপায়, যার মাধ্যমে নবীন ও অনভিজ্ঞ খেলোয়াড়েরা নিজেদের তৈরি করে নিতে পারবে। বিশ্বকাপ এমনিতেই কঠিনতম প্রতিযোগিতা। তার ওপর নিজেদের মাঠে খেলাটা একটা বাড়তি চাপ সৃষ্টি করে। তবে আমি বিশ্বাস করি, এ সময় আমার দল অনেক কিছু শিখেছে। খেলোয়াড়েরা জানে বিশ্বকাপে তাঁরা প্রতিপক্ষের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জই মোকাবিলা করবে। বিশ্বকাপে আপনি কখনোই আশা করতে পারেন না যে সবকিছু খুব সহজ হবে।প্রশ্ন: ব্রাজিলের মূল দল মাঠে ভালো করতে পারছে না। এর নেপথ্য কারণগুলো কী কী বলে আপনি মনে করেন?মেনেজেস: দেখুন, আমরা আমাদের শিকড়ে ফেরার চেষ্টা করছি। আমরা সেই চিরাচরিত ছোট ছোট পাস ও ব্যক্তিগত নৈপুণ্যের ফুটবল কৌশলে ফেরার চেষ্টা করে যাচ্ছি। এর পাশাপাশি কিছু নতুন জিনিসও প্রয়োগ করতে চাচ্ছি। ব্যাপারটি মোটেও সহজ নয়, রাতারাতি রপ্ত করে ফেলাও সম্ভব নয়। দলে আরও ঘষামাজার প্রয়োজন আছে। ইনজুরি সমস্যাও আমাদের ভালো ভোগাচ্ছে। লকাস লিভার কথাই ধরুন, এই মুহূর্তে আমরা যে কৌশলের ফুটবল খেলতে চাচ্ছি, তাতে লিভা খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু ওকে আমরা পাচ্ছি না। এই কৌশলে গানসোর মতো সৃষ্টিশীল মিডফিল্ডারেরও দরকার, যে কিনা স্ট্রাইকারদের সঙ্গে দারুণ এক মেলবন্ধন তৈরি করবে। তবে এই মুহূর্তে আমরা কিছু নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে চাই। অলিম্পিকে সফল হওয়া সে ধরনেরই একটা লক্ষ্য।প্রশ্ন: ব্রাজিল কখনোই অলিম্পিক ফুটবলে সোনা জেতেনি। অলিম্পিক সব সময়ই ব্রাজিল ও দলের কোচদের জন্য সমস্যার এক প্রতিযোগিতা হিসেবে পরিগণিত হয়ে আসছে। জাতীয় দলের কোচ হয়েও আপনার অলিম্পিক দলের দায়িত্ব নেওয়াটা কি ঠিক হয়েছে? মেনেজেস: প্রথমেই বলে রাখা ভালো, অলিম্পিক দলের কোচের দায়িত্বটা না নেওয়া আমার জন্য হতো এক ধরনের দ্বৈতনীতি। কিছুটা ভণ্ডামিও বলতে পারেন। আমি দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকেই বলে আসছি, ২০১৪ সালের বিশ্বকাপের জন্য দল তৈরি করার পরিকল্পনায় অলিম্পিকের গুরুত্ব অপরিসীম। এই দলটি যদি অলিম্পিকে সফল হতে পারে, তাহলে পুরো ব্যাপারটিই হবে ঐতিহাসিক। অলিম্পিক দলের ৭০ ভাগ খেলোয়াড়ই ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের মূল দলে থাকবে। সুতরাং, এবারের অলিম্পিক ব্রাজিল ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতা। এখন আমি যদি অলিম্পিক দলের দায়িত্ব না নিতে চাইতাম, তাহলে ব্যাপারটি কি ভালো দেখাত?প্রশ্ন: কিন্তু ব্যাপারটি কি আপনার কাজকে আরও কঠিন করে তুলবে না?মেনেজেস: দেখুন, কোনো কাজে ঝুঁকি আপনাকে নিতেই হবে। কেবল আরামে চাকরি করার জন্য গা বাঁচিয়ে চলা আমার স্বভাব নয়। কোনো কোচ যদি সারাক্ষণ চাকরি হারানোর চিন্তা করতে থাকে, তাহলে সে সত্যিই কাজ করতে পারবে না। দলকে কোচিং করানোই নয়, আমার কাজ ব্রাজিলে নতুন ফুটবল প্রজন্ম তৈরি করাও। এর পাশাপাশি মাঠে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করাও আমার কাজ। এই কাজগুলো ডাগ আউটে বসে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়ার চেয়ে অনেক আকর্ষণীয় আমার কাছে। প্রশ্ন: অলিম্পিকে ব্রাজিল যদি ভালো করতে না পারে তাহলে আপনার চাকরিচ্যুতির ঝুঁকিটা কি থেকে যাচ্ছে না?মেনেজেস: আমি ‘যদি’ ‘কিন্তু’র ওপর নির্ভর করে কাজ করি না। অলিম্পিকে আমি সবচেয়ে সেরা দলকেই মাঠে নামাব। কারণ, আমি জানি, এই অলিম্পিক ব্রাজিলীয় ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে সবাইকে ধৈর্য ধরতে হবে। কোচ হিসেবে আমি সব চাপ নিতেই তৈরি। আসলে জাতীয় দলের ওপর সব সময় একটা চাপ রয়েই যায়।প্রশ্ন: ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি হোসে মারিয়া মারিন সম্প্রতি বলেছেন, অলিম্পিক ফুটবল এই মুহূর্তে ব্রাজিলের এক অগ্রাধিকার। সেই সঙ্গে তিনি আপনার অলিম্পিক দল নিয়েও মন্তব্য করেছেন। ব্যাপারটি কি আপনার কাজ আরও কঠিন করে দিচ্ছে না? মেনেজেস: দেখুন, এটাকে আমি একেকজনের নিজস্ব ধরন হিসেবে দেখতে চাই। সাবেক সভাপতি রিকার্ডো টিসেইরা এসব ব্যাপার নিয়ে খোলাখুলি মন্তব্য করতেন না। কিন্তু হোসে মারিয়া তা করেন। তবে হোসে মারিয়া যা বলেছেন, তা নিয়ে সমালোচনার কিছু নেই। তিনি তাঁর নিজস্ব ভাবনা সবার সামনে তুলে ধরেছেন।প্রশ্ন: অলিম্পিকে আপনার প্রতিপক্ষ দলগুলোকে আপনি কীভাবে দেখছেন?মেনেজেস: গ্রুপে আমাদের প্রতিপক্ষ মিসর, বেলারুশ ও নিউজিল্যান্ড। আমাদের অনূর্ধ্ব-২০ দল গত বছর মিসরে খেলতে গিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিল। একটি ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। আমি নিশ্চিত, ওই দলটির অনেক খেলোয়াড় অলিম্পিকে মিসর দলে আছে। মিসরের বিপক্ষে প্রথম ম্যাচ হওয়ায় দলটিকে নিয়ে একটু আলাদাভাবেই ভাবতে হচ্ছে। কারণ, প্রথম ম্যাচ সব সময়ই একটু কঠিন হয়। বেলারুশ অনূর্ধ্ব-২১ ইউরোপীয় প্রতিযোগিতায় দারুণ খেলেছে। নিউজিল্যান্ড সম্পর্কে তেমন একটা তথ্য আমাদের কাছে নেই। তবে এটা ঠিক, কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখা উচিত নয়। তবে ব্রাজিল ঠিকই মাঠে প্রমাণ করবে যে এই তিনটি দলের চেয়ে তারা অনেক শক্তিশালী।প্রশ্ন: অলিম্পিকে ব্রাজিলের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন কোন দলগুলোকে?মেনেজেস: কাগজে-কলমে মেক্সিকো, গ্রেট ব্রিটেন, স্পেন শক্তিশালী প্রতিপক্ষ। এই দলগুলো নিজেদের গ্রুপের সেরা দল হিসেবেই সেমিফাইনালে চলে আসবে। সুতরাং সেমিফাইনাল হবে ভয়ংকর কঠিন।প্রশ্ন: ব্রাজিলের বর্তমান দলটি কি অলিম্পিক ফুটবলে সোনা জিততে সক্ষম হবে? মেনেজেস: আমার খেলোয়াড়দের ওপর আস্থা ও বিশ্বাস আছে। আমি মনে করি, তারা এই প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তবে অলিম্পিকের সোনার পদক হচ্ছে দুই সপ্তাহ সেরা পারফরম্যান্সের ফসল। আমি আশা করি, ২৫ জুলাই থেকেই খেলোয়াড়েরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। গত দুই বছর আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। আশা করছি, অলিম্পিকে ভালো কিছুই হবে।প্রশ্ন: অনেকেই বলছেন ব্রাজিলের বর্তমান ফুটবল প্রজন্ম আগের মতো প্রতিভাবান নয়। আপনার বক্তব্য কী?মেনেজেস: ব্রাজিলের এই খেলোয়াড়েরা এখনো বড় কোনো প্রতিযোগিতায় খেলেনি। তাই তারা আগের প্রজন্মের মতো অতটা প্রতিভাবান নয়—এটা একটু দ্রুতই বলা হয়ে যায়। আমার দলে কিছু দারুণ খেলোয়াড় আছে। সুতরাং, আমি মনে করি না যে হতাশ হওয়ার মতো কিছু আছে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তবে খেলোয়াড়দের বোঝা উচিত, কেবল প্রতিভা থাকলেই চলে না, এর চর্চা করারও একটা ব্যাপার আছে।প্রশ্ন: আপনি কি একমত হবেন যে ব্রাজিলের এই দলটি বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট প্রতিভাবান নয়? মেনেজেস: এটা ঠিক যে এখনো পর্যন্ত আমাদের চেয়ে জার্মানি কিংবা স্পেন অনেক এগিয়ে। তবে ২০১৪ সালের বিশ্বকাপে আমরা এদের চ্যালেঞ্জ জানাব। দেখুন, বিশ্বকাপ হচ্ছে নির্দিষ্ট কয়েকটা দিনে একটি দল কতটা ভালো করতে পারে, তারই প্রতিচ্ছবি। ২০০২ সালের বিশ্বকাপের কথাই ধরুন। আর্জেন্টিনা ছিল হট ফেবারিট। বাছাইপর্বে বাকিদের উড়িয়ে দিয়েই দলটি চূড়ান্তপর্বে এসেছিল। কিন্তু, শেষ পর্যন্ত তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়।প্রশ্ন: অলিম্পিক দলে তিনজন বয়স্ক খেলোয়াড়ের অন্তর্ভুক্তি কি এটাই প্রমাণ করে না যে ২০১৪ সালের বিশ্বকাপে আপনি আপনার তরুণ খেলোয়াড়দের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না?মেনেজেস: অভিজ্ঞতাটা ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। বিশ্বকাপে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা একজন অনভিজ্ঞ খেলোয়াড়কে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেবল বয়সের কারণে আমি কোনো পেশাদার ফুটবলারকে দলের বাইরে রাখতে চাই না। আমি এই মুহূর্তে ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের পর্যবেক্ষণে রেখেছি। ভালো ফর্মে থাকলে কেন আমি একজন ওই বয়সী খেলোয়াড়কে দলে নেব না? প্রশ্ন: তাহলে কি আপনি বলতে চান, কাকার মতো খেলোয়াড়েরা এখনো আপনার হিসাবের মধ্যে আছে? মেনেজেস: যদি কাকা নিজের ফর্মের প্রমাণ রাখতে পারে, তাহলে তার দলে ফেরায় কোনো বাধা নেই। আমি গত নভেম্বরে গ্যাবন ও মিসরের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচে তাকে দলে রেখেছিলাম। তবে সে এই মুহূর্তে ইনজুরিতে আক্রান্ত। জাতীয় দলে কোনো খেলোয়াড়কে নেওয়ার ব্যাপারে কিছু পদ্ধতির অনুসরণ করা হয়, সেগুলো প্রকাশ করা ঠিক হবে না। কোনো খেলোয়াড়কেই আমরা বেশি খেলিয়ে নিঃশেষ করে দিতে চাই না। সে কারণেই আমি সম্প্রতি রবিনহোকে দলের বাইরে রেখেছি। ব্যাপারটি যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছে, আমি নাকি রোনালদিনহোর প্রতি বেশি দুর্বল। এ ব্যাপারে আমি একটি কথা বলতে চাই, ২০১০ সালে দোহায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে যখন আমি রোনালদিনহোকে ডাকলাম, সেই ডাক কিন্তু কেবল একটি ম্যাচের জন্য নয়। ব্যাপারটি রোনালদিনহোর জন্যও অসম্মানজনক।প্রশ্ন: ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে রোনালদিনহো নিজের ফুটবলশৈলী দিয়ে পৃথিবীকে মুগ্ধ করেছিল, এই রোনালদিনহো কিন্তু তাঁর ছায়া মাত্র। আপনি কি মনে করেন, রোনালদিনহোকে ২০১৪ সালের বিশ্বকাপের জন্য ভাবাটা বাস্তবানুগ?মেনেজেস: দেখুন, রোনালদিনহো একজন গ্রেট ফুটবলার। মাঠে সে একটি-দুটি ম্যাচে কী খেলল, তা দিয়ে রোনালদিনহোকে বিচার করাটা ঠিক হবে না। ও অভিজ্ঞ একজন ফুটবলার। তবে আমি স্বীকার করছি, বর্তমানে ওর ফর্ম আমাকে ভাবনায় ফেলেছে। (ঈষত্ সংক্ষেপিত)