শিকড়ের টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার আলিশান বাড়িটিতে একাই আছেন। নিজেদের বাড়ি। অথচ এর আগে কখনোই আসা হয়নি। কে জানে, ফুটবল না খেললে আদৌ আসা হতো কি না! ডেনমার্কের বাংলাদেশি তরুণ জামাল ভূঁইয়া এখন ঢাকায়। এসেছেন পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়ে। গত পরশু ঢাকায় পা রাখলেও কাল দুপুর পর্যন্ত ফেডারেশনের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়নি জামালের। কাল বিকেলে জামালের খোঁজে তাঁর উত্তরার বাড়িতে গিয়ে জানা গেল, জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে জগিংয়ে বেরিয়েছেন জামাল। সাক্ষাৎপ্রার্থী সাংবাদিকের খবর পেয়ে ফিরলেন। পাঁচতলার সিঁড়ি ভেঙে উঠে হাঁপাতে হাঁপাতে বললেন, ‘ঢাকায় খুবই গরম। ডেনমার্কে বেশির ভাগ সময় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এমন গরমে অভ্যস্ত নই।’সেটি বোঝা যাচ্ছিল জামালের ঘর্মাক্ত চেহারা আর ছটফটানি দেখেই। গোদের ওপর বিষফোড়া হয়ে আবার লোডশেডিং। গায়ের জার্সিটা খুলে রাখলেন জামাল। ডান হাতের কনুইয়ের কাছে এত বড় কাটা দাগটা কিসের? কৌতূহলটা প্রকাশ করতেই জামাল ভয়ংকর এক গল্প শোনালেন, ‘কোপেনহেগেনে আমাদের একটা ডিপার্টমেন্ট স্টোর আছে। সেখানে বাবার সঙ্গে আমিও কাজ করছি। হঠাৎ দুজন লোক এসে আমাদের সঙ্গে তর্ক শুরু করে। ওদের একজনের কাছে মেশিনগান ছিল। একপর্যায়ে ওরা বাবাকে আক্রমণ করে। বাধা দিতে গেলে আমাকে গুলি করে। আমার ডান হাতে, বুকে গুলি লাগে। চার মাস হাসপাতালে থাকতে হয়েছিল। দিনটাও মনে আছে, ২০০৭ সালের ১৬ নভেম্বর।’চার মাস পর হাসপাতাল ছাড়তে পারলেও আবার ফুটবলে ফিরতে দেড় বছরের মতো কঠোর অনুশীলন করতে হয়েছে। ফিরতে পারায় বাবার উৎসাহেরও বড় অবদান। বাবা ইনসান ভূঁইয়া ছেলেকে ফুটবলারই বানাতে চেয়েছিলেন। ডেনমার্কের নামী ক্লাব এফসি কোপেনহেগেন ক্লাবের যুবদলে সুযোগ পাওয়াটাকে বলা যায় বাবার স্বপ্নপূরণের পথে জামালের যাত্রা শুরু। সেখানে চার বছর খেলার পর ছয় মাস আগে নাম লিখিয়েছেন এইচআইকে ক্লাবে।তা হঠাৎ বাংলাদেশে খেলার ব্যাপারে আগ্রহটা জন্মাল কীভাবে? ‘জানতাম, এই প্রশ্নটা করবেন’ ভঙ্গিতে জামালের ব্যাখ্যা, ‘আমার ক্লাবের দুই পাকিস্তানি বন্ধু নাবিল আসাদ ও ইউসুফ বাট একদিন বলল, আমরা পাকিস্তানের হয়ে খেলছি। তুমিও তোমার দেশের পক্ষে খেলার চেষ্টা করো না কেন।’ এর পরই জামাল তাঁর এজেন্টকে বাংলাদেশের ব্যাপারে খোঁজখবর নিতে বলেন। এজেন্ট তাঁর পরিচিত বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন জামালকে। টিটুর মাধ্যমেই ফেডারেশনের সঙ্গে যোগাযোগ।বাফুফের কথামতো নির্দিষ্ট দিনেই ঢাকা এসেছেন জামাল। কিন্তু বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের জন্য ট্রেনিং ক্যাম্পের কোনো খবর নেই। কোচ রুবচিচও উধাও। এসব শুনে জামালকে যেন একটু বিচলিতই মনে হলো। এমনিতেও বাংলাদেশের ফুটবল সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, ‘শুধু জানি, বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং অনেক নিচে। সুযোগ পেলে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে তুলে নেওয়ার স্বপ্ন দেখি।’জামাল ডেনমার্কে ফিরবেন ১০ জুলাই। তবে এর আগে নাড়ির টানে ফিরতে চান কিশোরগঞ্জে। সেখানে অপেক্ষায় আছেন আত্মীয়স্বজন, ‘বাড়িতে চাচা-চাচি, চাচাতো ভাই, দাদি আছে। উনারা আমাকে ফোন করেছেন।’বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার প্রস্তাব পেলে কী করবেন? হেসে বললেন, ‘এখনই কিছু বলতে চাই না। তবে আমি ডেনমার্কে ভালোই আছি।’ডেনমার্কেই জন্ম। কোপেনহেগেনের আলো-বাতাসে বেড়ে ওঠা। বার্সেলোনার ইনিয়েস্তাকে আদর্শ মানা ২১ বছরের তরুণ এখন লাল-সবুজ গায়ে তুলে পুরোদস্তুর বাংলাদেশি হওয়ার অপেক্ষায়।