শিখরে ধাইছেন ধাওয়ান!
দুঃস্বপ্নের মতো শুরু যাকে বলে! ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে শূন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষেই, ২০১০ সালে। পরের বছর টি-টোয়েন্টি অভিষেকে মাত্র ৫। কাল টেস্ট অভিষেকে হতে পারতেন ডায়মন্ড ডাকের শিকার, কোনো বল না খেলেই আউট! সেই শিখর ধাওয়ান ১৮৫ রান করে অপরাজিত দিন শেষে। সেটিও মাত্র ১৬৮ বলে। মেরেছেন ৩৩টি চার, আছে দুটি ছক্কাও। ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড। ধাওয়ানের সামনে আরও শিখরে ওঠার হাতছানি।অথচ এই তিনিই আউট হয়ে যেতে পারতেন স্টান্স নেওয়ার আগেই। নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন। প্রথম ওভারের প্রথম বলটি করতে এসে মিচেল স্টার্কের হাত থেকে ফসকে বল পড়ল স্টাম্পে। পড়ে গেল বেল। ধাওয়ান ছিলেন ক্রিজের বাইরে। অস্ট্রেলীয়রা আপিল করলে আউটই হয়ে যেতেন। সেই ধাওয়ানের ব্যাট থেকে একের পর এক বল যখন ছুটে যাচ্ছিল সীমানার দিকে, মাইকেল ক্লার্কের হূদয়ের খচখচানি নিশ্চয়ই বেড়েছে সমানতালে। মাত্র ৮৫ বলে সেঞ্চুরি। অভিষেকে দ্রুততম সেঞ্চুরি। একসময় পেরিয়ে গেছেন ভারতের পক্ষে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও। সেই ১৯৬৯-৭০ মৌসুমে ১৩৭ করেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংসের বিশ্ব রেকর্ডটি অবশ্য এখনো অনেক দূরে। ১১০ বছর আগে ২৮৭ করেছিলেন টিপ ফস্টার।এতটা পথ হাঁটতে পারবেন কি না, কে জানে। তবে ২০০৩ সালের পর অভিষেকে সবচেয়ে বেশি রান এল তাঁর ব্যাট থেকেই। ফস্টারেরই আরেকটা রেকর্ডও একেবারে হাতের নাগালে। অভিষেকে সর্বোচ্চ ৩৭টি চার মেরেছিলেন স্বর্গবাসী ফস্টার। রেকর্ডটা ভাঙতে আর পাঁচটি চার চাই ধাওয়ানের।দুই দিল্লি সতীর্থের ব্যর্থতায় দলে সুযোগ পেয়েছেন। ধাওয়ানের এমন শুরুতে শেবাগ না গম্ভীর—কার কপাল যে পুড়ল! তবে আপাতত অস্ট্রেলীয় বোলারদের যন্ত্রণায় পুড়িয়েছেন ধাওয়ান। স্টার্কদের রীতিমতো পাড়ার বোলার বানিয়ে দিয়েছেন। কাভার তাঁর প্রিয় জায়গা দেখে সেই জায়গাটা একদম সিলগালা করে দিয়েছিলেন ক্লার্ক। কিন্তু তার পরও সেই কাভারকেই বেহুলার বাসর বানিয়ে চার মেরে গেছেন এই বাঁহাতি। সেঞ্চুরির আগে একটা শটও তুলে মারেননি!২৭ বছর বয়সী তরুণ কতদূর যাবেন, সেটা সময়ই বলবে। তবে সেই অনাগত দিনগুলো সোনায় মোড়ানো হবে বলেই বিশ্বাস তারক সিনহার। এই জহুরি কোচই যে খুঁজে বের করেছিলেন রত্নটিকে।