শিগগিরই অনুশীলনে যুবরাজ!
দুই সপ্তাহও হয়নি ক্যানসারের চিকিৎসা করিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন যুবরাজ সিং। তিন কিস্তির কেমোথেরাপি নেওয়ার পর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এই ক্রিকেটার এখন অনেকটাই সুস্থ। আছেন পুনর্বাসন-প্রক্রিয়ায়। নিচ্ছেন বিশ্রাম। তবে ভারতের জাতীয় দলের জার্সি আবারও গায়ে তুলতে গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের তর সইছে না। আবারও ক্রিকেটে ফিরতে দু-এক সপ্তাহের মধ্যেই অনুশীলনে নামার আশা করছেন যুবরাজ।আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে কাল প্রকাশিত হয়েছে যুবরাজের সাক্ষাৎকার। সেখানেই ব্যক্ত করেছেন আবারও জাতীয় দলে ফেরার প্রত্যয়, ‘এক বা দুই সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করতে যাচ্ছি। চাইছি যত শিগগির সম্ভব মাঠে ফিরতে এবং মাথায় আবারও ভারতের টুপি তুলতে।’শিগগির অনুশীলন শুরু করতে পারলেও আবার কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, সেটা বলতে পারছেন না যুবরাজ। অনুশীলনে শরীর কীভাবে সাড়া দেয়, কতটা পরিশ্রম সহ্য করতে পারবে শরীর, সেটা দেখার পরই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে ভাবছেন এই বাঁহাতি। গত বছর ফুসফুসের ক্যানসার ধরা পড়ার পর যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার। এরপর যুক্তরাজ্য হয়ে ভারতে ফিরেছেন গত ৯ এপ্রিল। চিকিৎসকেরা তাঁকে কোনো ওষুধ দেননি। আর কেমোর প্রভাবও নাকি এখন আর নেই শরীরে। ধীরে ধীরে ফিরে পাচ্ছেন হারানো শক্তিও। যুবরাজ নিজেই দিয়েছেন এই তথ্যগুলো। গত বছর ছিলেন আইপিএলের দল পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক। অসুস্থ না হলে হয়তো এবারও তাই থাকতেন। প্রশংসা করেছেন নতুন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীরও। সৌরভের অধীনেই খেলেছেন জাতীয় দলে। হয়েছেন ভারতীয় ক্রিকেটের দিনবদলের সাক্ষী। ক্যানসার থেকে সেরে ওঠাটাকেই জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা বলছেন যুবরাজ। বলেছেন একজন খেলোয়াড় কঠোর পরিশ্রম করে বাজে সময় থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু ক্যানসারের সঙ্গে যোঝাটা অন্য রকম, ‘ক্যানসারের ক্ষেত্রে আপনি বলতে পারবেন না আবারও ফিরে আসতে পারবেন কি না। আর তাই রোগটাকে হারাতে পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।’ ওয়েবসাইট।